Showing posts with label বাংলাদেশি উদ্যান. Show all posts
Showing posts with label বাংলাদেশি উদ্যান. Show all posts

Sunday, January 26, 2025

বিদেশি গাছের অপকারী দিক

বিদেশি গাছের অপকারী দিক


 
ইউক্লিপটাস, শিশু, মেহগনি, রেইন ট্রি গাছগুলোকে  অত্যধিক পানি শোষণ করে জমি শুকিয়ে ফেলে। শিকড় গভীরে প্রোথিত না হয়ে ছড়িয়ে পড়ে। ফলে আশপাশে অন্য গাছপালা জন্মাতে দেয় না। একটা গাছ থেকে আরেকটি গাছের পর্যাপ্ত পুষ্টি প্রাপ্তির জন্য দূরত্ব চাই।

শিমুল, শিরীষ, জারুল ও হিজল গাছ আমাদের দেশের দরকারী উদ্ভিদ। শিকড় গভীরে প্রোথিত হয়। ফলে পাশে অন্য কিছুও জন্মাতে পারে।

কুলাউড়া স্টেশনে নেমে বেবিট্যাক্সিতে করে বড়লেখার শিমুলিয়া গ্রাম। পাশেই ৫ কিলোমিটার ভেতরে পাথারিয়ার পাহাড় আর মাধবকুণ্ডের ঝর্ণা। 
এসব ল্যান্ডস্কেপে সুপারি, জবা ফুল, সেগুন গাছ খাপ খায় না। পাহাড়ি প্রকৃতির নিজস্বতা আছে। তার বাইরে যদি এসব গাছ লাগানো হয় তাহলে তো প্রাকৃতিক হলো না। অথচ এই পাহাড়ি অঞ্চলে সেসব বৃক্ষ ও গাছপালা লাগানো হয়েছে, যেগুলো এখানকার সঙ্গে যায় না। দীর্ঘদিনের ভুল চর্চায় এমন হাল হয়েছে যে, বনায়নের কথা বলতে গেলে ইউক্যালিপটাস, মেহগনি জাতীয় একাশিয়া শ্রেণির গাছ লাগানোর কথাই মনে করা হয়। এ ধরনের প্রবণতা গড়ে ওঠার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিদেশ থেকে আনা অর্থ দিয়ে বনায়নের পরিকল্পনা।


আমাদের পাখিরা একাশিয়া, ইউক্যালিপটাস, মেহগনি গাছগুলোতে বসে না। কারণ এসব গাছ তারা চেনে না। এগুলো বিদেশ থেকে আসা। বিদেশি গাছে দেশি পাখিরা না বসার কারণ হচ্ছে তারা তো ওই গাছের গন্ধ চেনে না। ফলে পরিবেশগত ভারসাম্য রাখতে পারে না। গাছপালার বংশবৃদ্ধিতেও পাখির ভূমিকা বিঘি্নত হচ্ছে।

মেহগনি ও সেগুন, রেইন ট্রি শুধু কাঠই দেয়। মেহগনি যদিও চিরসবুজ, কিন্তু এটি বাড়ে ধীরগতিতে। অথচ রাস্তার ধারে দেশীয় পাঁচমিশালি ফলদ গাছ, যা থেকে প্রতি বছর ফল ও পরিণত বয়সে কাঠ পাওয়ার সম্ভাবনা আছে।

উদাহরণস্বরূপ বলা যায়_ আম, জাম, কাঁঠাল, লিচু ও অন্যান্য ফল চাষ করে আমরা ফল ও কাঠের চহিদা পূরণ করতে পারি। 

এ ছাড়া আছে জলপাই, চালতা, তেঁতুল, তাল, খেজুর, গাব, বেল, কুল প্রভৃতি ফলের গাছ; অর্জুন, নিম, আমলকী, হরীতকী প্রভৃতি ঔষধি গাছ। এগুলো আমাদের দেশের জন্য খুবই উপযোগী।


রেইনট্রি আমাদের দেশের জন্য ক্ষতিকর। মেহগনি যদিও চিরসবুজ, কিন্তু এটি বাড়ে ধীরগতিতে। রাস্তার ধারে লাগানো এসব কাঠের গাছ থেকে একসময় কাঠ পাওয়ার সম্ভাবনা থাকলেও, তস্করবৃত্তির কারণে বাস্তবে তা আদৌ সম্ভব কি না, ভবিতব্যই জানে। অথচ রাস্তার ধারে দেশীয় পাঁচমিশালি ফলদ গাছ, যা থেকে প্রতিবছর ফল ও পরিণত বয়সে কাঠ পাওয়ার সম্ভাবনা আছে।

আম, জাম, কাঁঠাল, জলপাই, চালতা, তেঁতুল, তাল, খেজুর, গাব, বেল, কুল, লটকন, কাউ প্রভৃতি ফলের গাছের পাশাপাশি অর্জুন, নিম, আমলকী, হরীতকী, বহেড়া প্রভৃতি ঔষধি গাছ দৃষ্টিনন্দনও। কৃষ্ণচূড়া কদম, কাঠবাদাম প্রভৃতি গাছ লাগালে জীববৈচিত্র্য রক্ষাসহ সেগুলো খাদ্য ও পুষ্টির জোগান দিত।

কাঠের কথা চিন্তায় থাকবে, পাশাপাশি কাঠ ও ফল উভয়ের কথা চিন্তা করতে হবে। বিদেশি ফল ও কাঠনির্ভর হওয়া মানে দেশের টাকা বিদেশে চলে যাওয়া।

তাই গাছ লাগাতে শতকরা ৫০ ভাগ দেশীয় ফলের গাছ, ১০ ভাগ ঔষধি গাছ, ১০ ভাগ অন্যান্য গাছ এবং ৩০ ভাগ কাঠের গাছ লাগানো উচিত। 



বিদেশ থেকে আনা আকাশি, ম্যানজিয়াম, রাবার, ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির আগ্রাসী গাছ-গাছালি আমাদের জীববৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করছে। স্থানীয় প্রজাতির গাছ, কৃষি উত্পাদন বিপন্ন হয়ে পড়ছে। সিলেট অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল, রাস্তার ধারে এসব বিদেশি গাছের বাগান এখন ব্যাপকভাবে দৃশ্যমান। 

সামাজিক বনায়ন এবং ব্যক্তি উদ্যোগে আগ্রাসী প্রজাতির এসব গাছ রোপণ করা হচ্ছে। বন বিভাগও পিছিয়ে নেই। দ্রুত বর্ধনশীল এসব প্রজাতির গাছ দিয়ে তারাও বনায়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দ্রুত বর্ধনশীল হওয়ায় মুনাফা ঘরে তোলা যায় তাড়াতাড়ি। মূলত এ কারণেই গত কয়েক যুগ ধরে এসব গাছ লাগানোর হিড়িক পড়ে  গেছে। দেশি প্রজাতির মূল্যবান কাঠ, ফল ও ঔষধি গাছ লাগানোর বিষয়টি উপেক্ষিত হচ্ছে।

 ‘আমাদের দেশে দরকার জলজ উদ্ভিদ। এখানে জলজ জায়গা বেশি। শিকড় গভীরে প্রোথিত হয়। ফলে পাশে অন্য গাছ-গাছালি জন্মাতে পারে।’

রাস্তার পাশে লাগানো বিদেশি গাছের ক্ষতিকর প্রভাব পড়ছে কৃষির উপর।  আকাশী, ম্যানজিয়াম গাছ কৃষি জমি নষ্ট করছে। মাছের জন্যও এগুলো ক্ষতিকর। গাছের ছায়া ধানের জমির বেশ কিছু জায়গা দখল করে রাখে। ছায়ায় হওয়া এই ধান গাছ পাতা মোড়ানো রোগসহ বিভিন্ন ছত্রাকে আক্রান্ত হয়। এসব ধান পরে গরু মহিষকে খাওয়ানো ছাড়া কোনো উপায় থাকে না। 

আকাশী গাছের ছায়ায়  কোনো সবজিও হয় না। এসব গাছের কারণে মাছের চাষও ব্যাহত হচ্ছে। এ ধরনের নানা নেতিবাচক প্রভাব থাকার পরও আনাচে-কানাচে সড়কপথ ও রেলপথের পাশে এসব গাছ দিয়ে সামাজিক বনায়নের হিড়িক শুরু হয়েছে। 


 আগ্রাসী প্রজাতির গাছগাছালি, পশু-পাখির খাবার তৈরি করে না এবং দ্রুত বিস্তারের সময় অন্য গাছের সালোক সংশ্লেষণ-প্রক্রিয়া ব্যাহত করে। যে কারণে জীববৈচিত্র্যের জন্য গাছগুলো খুবই ক্ষতিকর।

Saturday, January 25, 2025

ল্যান্ডস্কেপিং ও আপনার নিজের বাড়ির সম্মুখভাগ

ল্যান্ডস্কেপিং ও আপনার নিজের বাড়ির সম্মুখভাগ



ল্যান্ডস্কেপিং বলতে বোঝায় যে কোনও কার্যকলাপ যা ভূমির একটি এলাকার দৃশ্যমান বৈশিষ্ট্যগুলিকে পরিবর্তন করে, যার মধ্যে নিম্নলিখিতগুলি রয়েছে:

 

জীবন্ত উপাদান, যেমন উদ্ভিদ বা প্রাণী; বা যাকে সাধারণত বাগান বলা হয়, ল্যান্ডস্কেপের মধ্যে একটি সৌন্দর্য তৈরি করার লক্ষ্যে ক্রমবর্ধমান উদ্ভিদের শিল্প ও নৈপুণ্য।

প্রাকৃতিক অ্যাবায়োটিক উপাদান, যেমন ভূমিরূপ, ভূখণ্ডের আকৃতি এবং উচ্চতা, বা জলের দেহ।

বিমূর্ত উপাদান, যেমন আবহাওয়া এবং আলোর অবস্থা।

ল্যান্ডস্কেপিংয়ের জন্য উদ্যানপালন এবং শৈল্পিক নকশা সম্পর্কে একটি নির্দিষ্ট বোঝার প্রয়োজন, তবে এটি গাছপালা এবং উদ্যানপালনের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যবহারযোগ্যতা বাড়ানোর জন্য ভূমি ভাস্কর্য করা (পেটিও, ওয়াকওয়ে, পুকুর, জলের বৈশিষ্ট্য) এছাড়াও ল্যান্ডস্কেপিংয়ের উদাহরণ ব্যবহার করা হচ্ছে। যখন খাঁটিভাবে একটি নান্দনিক পরিবর্তন হিসাবে অভিপ্রেত, অর্নামেন্টাল ল্যান্ডস্কেপিং শব্দটি ব্যবহার করা হয়।

 

প্রায়শই, ডিজাইনাররা ল্যান্ডস্কেপিংকে আপনার বাড়ির কক্ষের সম্প্রসারণ হিসাবে উল্লেখ করে (প্রত্যেকটির একটি ফাংশন রয়েছে)। বহিরঙ্গন স্থানগুলিতে উপকরণ এবং কার্যকারিতা পর্যন্ত প্রচুর পরিমাণে নমনীয়তা রয়েছে। এটা প্রায়ই বলা হয় বাইরের স্থানের একমাত্র সীমাবদ্ধতা হল একজনের কল্পনা।

 

ল্যান্ডস্কেপ এমন একটি শিল্পকর্ম, যা একটি স্থাপনার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। প্রাকৃতিক ভাবে ভবনের বা স্থাপনার বসবাসের উপযোগী করে গড়ে তুলে। বিজ্ঞানের বিভিন্ন কৌশলকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব একটি সৃষ্টিশীল ল্যান্ডস্কেপ এ বাস্তবায়ন করা হয়ে থাকে। স্থাপনার পরিত্যক্ত ভুমিকে পরিপাটি ও দৃষ্টিনন্দন করে তুললে একদিকে যেমন, মানসিক অবস্থান পরিবর্তন আনে, ঠিক তেমনি অবসর সময় কাটাতে অবদান রাখে।

 

ল্যান্ডস্কেপিংয়ের জন্য উদ্যানপালন এবং শৈল্পিক নকশা সম্পর্কে একটি নির্দিষ্ট বোঝার প্রয়োজন, কিন্তু এটি গাছপালা এবং উদ্যানপালনের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যবহারযোগ্যতা বাড়ানোর জন্য ভূমি ভাস্কর্য করা (ওয়াকওয়ে, পুকুর, জলের বৈশিষ্ট্য) এছাড়াও ল্যান্ডস্কেপিংয়ের উদাহরণ ব্যবহার করা হচ্ছে। বিশুদ্ধরূপে একটি নান্দনিক পরিবর্তন হিসেবে অভিপ্রেত হলে, অর্নামেন্টাল ল্যান্ডস্কেপিং শব্দটি ব্যবহার করা হয়।

 

আপনার স্থাপনাকে প্রাকৃতিক, দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব একটি সৃষ্টিশীল ল্যান্ডস্কেপ এ পরিনত করতে পারেন। Masterplan সাজিয়ে কোথায় কি হবে, সেটা ডিটেইল ওয়ার্কিং Drwaing এর মাধ্যমে একজন স্থপতি বিস্তারিত Detailing বুঝাবেন। আপনার পছন্দ ও সাধ্যের মধ্যে আকর্ষণীয় ল্যান্ডস্কেপিং ডিজাইন পেতে এক্সপার্ট টিম এর সাথে কনসালটেশন করুন।

Sunday, September 15, 2019

বাংলাদেশের গৃহস্থালিভিত্তিক গাছগাছড়া বা বনরাজি

বাংলাদেশের গৃহস্থালিভিত্তিক গাছগাছড়া বা বনরাজি



বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০১৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের গৃহস্থালিভিত্তিক গাছগাছড়া বা বনরাজির একটি জরিপ সম্পাদন করেছে। জরিপটি সম্পাদিত হয়েছিল ২০১১-১২ সালে। এ জরিপ দৈবচয়নের ভিত্তিতে ৬৩০০ গৃহস্থালির ওপর সম্পাদিত হয়েছে। জরিপের চয়ন অনুযায়ী এ সব গৃহস্থালি দেশের ১৮৪টি মৌজায় এবং ২টি মহল্লায় দেশের ৭টি বিভাগে ছড়ানো ছিল। জরিপের পদ্ধতি বিশ্লেষণ করলে এটা সুস্পষ্ট হয় যে, জরিপপ্রাপ্ত উপাত্তসমূহ (পার্বত্য চট্টগ্রাম ছাড়া) সারাদেশের এ বিষয়াধীন অবস্থার প্রতিফলক এবং যুক্তিসঙ্গতভাবে ধরে নেয়া যায় এ জরিপে প্রাপ্ত উপাত্তসমূহ ২০১৫ সালের প্রথম দিকেও মোটা দাগে প্রযোজ্য।

এ জরিপে দেখা গেছে যে, দেশে গৃহস্থালি পর্যায়ে গাছগাছড়া বাবদ মূল্য সংযোজনের পরিমাণ (সমকালীন মূল্যে) ১২৩৮৯ কোটি টাকা। ২০১০-১১ সালে এর পরিমাণ ছিল ১০৮৮১ কোটি টাকা বা শতকরা প্রায় ১৪ ভাগ কম। ২০১০-১১-এর তুলনায় ২০১১-১২ সালে মূল্য সংযোজনের প্রকৃত বৃদ্ধির পরিমাণ এর চাইতে কম হবে বলে মনে হয়। টাকার নামিত মূল্যে ২০১১-১২ সালে প্রতিফলিত এ বৃদ্ধি সম্ভবত প্রকৃত বৃদ্ধির পরিমাপক নয়।

জরিপে দেখা গেছে, দেশের সকল গৃহস্থালিতে ২০১১-১২ সালে ৪০ কোটি ৩০ লাখ ফলদ গাছ, প্রায় ৪০ কোটি কাঠ গাছ, প্রায় ৫২ কোটি বাঁশ এবং প্রায় ১৩ কোটি অন্যান্য গাছগাছড়া ছিল। ২০১০-১১ সালের তুলনায় এক বছরে এই বৃদ্ধি ফলদ গাছের ক্ষেত্রে হয়েছে প্রায় শতকরা ৬ ভাগ, কাঠ-গাছের ক্ষেত্রে শতকরা ৪ ভাগ, বাঁশের ক্ষেত্রে প্রায় শতকরা ৭ ভাগ ও অন্যান্য গাছের ক্ষেত্রে প্রায় শতকরা ৫২ ভাগ। এতে প্রতীয়মান হয় যে, দেশের গৃহস্থালি পর্যায়ে গাছের সংখ্যা এক বছরে তাৎপর্যমূলকভাবে বেড়েছে এবং জনগণ অধিকতর সংখ্যায় গাছ রোপণ ও অধিকতর মাত্রায় গাছের যতœ করছেন।

জরিপে দেখা গেছে যে, ২০১১-১২ সালে প্রতি গৃহস্থালিতে গড়ে ৪৩টি বড় গাছ বিদ্যমান ছিল। ২০১০-১১ সালে প্রতি গৃহস্থালিতে এ গাছের গড় সংখ্যা ছিল ৪১।

পরিকল্পিতভাবে গৃহস্থালিতে সৃষ্ট বনের মধ্যে ২০১১-১২ সালে গাছের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ কোটি ৫০ লাখ। ২০১০-১১ সালে ওই সংখ্যা ছিল ৫১ কোটি ৮০ লাখ অর্থাৎ গৃহস্থালিতে পরিকল্পিতভাবে সৃৃজিত গাছগাছালির সংখ্যা বেড়েছে এক বছরে প্রায় শতকরা ২০ ভাগ। এ তথ্য প্রমাণ করে যে দেশের বিদ্যমান পারিবারিক ও সামাজিক পরিবেশে পরিকল্পিতভাবে গৃহস্থালি পর্যায়ে অধিকতর গাছগাছালি রোপণ ও লালন করা সম্ভব।

২০১১-১২ সালে গড়ে প্রতি গৃহস্থালিতে ৩.৭ শতাংশ ভূমি বা জমির ওপর পরিকল্পিতভাবে গাছগাছড়া রোপিত ও বিদ্যমান ছিল। ২০১০-১১ সালে সকল গৃহস্থালির জন্য এই গড় ছিল ৩.৫ শতাংশ। এ ক্ষেত্রেও দেখা যায় যে জনগণ প্রান্তিকভাবে অধিকতর জমি পরিকল্পিত বনায়নে প্রযুক্ত করেছেন।

২০১১-১২ সালে সারাদেশে ৩ কোটি ৫৮ লাখ ঘনফুট কাঠ গৃহস্থালিতে ব্যবহারের জন্য উৎপন্ন হয়েছে। এক বছর আগে এর পরিমাণ ছিল ২ কোটি ৭৭ লাখ অর্থাৎ এক বছরে গৃহস্থালিতে ব্যবহৃত কাঠের পরিমাণ বেড়েছে শতকরা ২৯ ভাগেরও বেশি। ২০১১-১২ সালে গৃহস্থালি পর্যায়ে উৎপাদিত জ্বালানি কাঠের পরিমাণ হয়েছিল ৫১৯১৮৩৫ টন, যার মূল্য প্রাক্কলিত হয়েছে ৪৬৫১ কোটি টাকা। 

২০১০-১১ সালে গৃহস্থালি পর্যায়ে জ্বালানি কাঠের উৎপাদনের পরিমাণ ছিল ৪২৯০৬৫৪ টন অর্থাৎ শতকরা প্রায় ১৭ ভাগ কম। মূল্যের নিরিখে এ কমতির পরিমাণ ছিল শতকরা প্রায় ১৯ ভাগ কম। ২০১১-১২ সালে গৃহস্থালি প্রতি গড় উৎপাদিত জ্বালানি কাঠের পরিমাণ ছিল ১০৩৯ কেজি, যা ২০১০-১১ সালে ছিল ১০৬৮ কেজি। এর অর্থ প্রান্তিকভাবে জ্বালানি কাঠের উৎপাদন বাড়লেও গৃহস্থালি পর্যায়ে গড়ে গৃহস্থালির জন্য জ্বালানি কাঠের ব্যবহার কমে আসছে। টাকার মূল্যে গৃহস্থালি পর্যায়ে জ্বালানি কাঠের দাম প্রাক্কলিত হয়েছে ১০১৫৮ কেটি টাকা, যা এক বছর আগে ছিল ৭৬৪ কোটি টাকা।

২০১১-১২ সালে বিক্রির জন্য গৃহস্থালি পর্যায়ে উৎপাদিত কাঠের পরিমাণ হয়েছিল প্রায় ১৩.১৬ কোটি ঘনফুট। ২০১০-১১ সালে এর পরিমাণ ছিল ১৩.২৪ কোটি ঘনফুট। এর অর্থ গৃহস্থালিতে উৎপাদিত গাছগাছড়ার ক্রমাগত বেশি অংশ গৃহস্থালিতেই ব্যবহৃত হচ্ছে, বাজারে যাচ্ছে না। ২০১১-১২ সালে অবশ্য গৃহস্থালিতে উৎপাদিত সকল গাছগাছড়ার মূল্য প্রাক্কলিত হয়েছে ৫০২৪৯ কোটি টাকা বা ২০১০-১১ সালের উৎপাদনের তুলনায় শতকরা ৩.২ ভাগেরও কম।

মূল্যস্ফীতি হিসেবে নিলে এই কমতির পরিমাণ আরও বেশি হয়। সার্বিকভাবে গৃহস্থালিতে ২০১১-১২ সালে উৎপাদিত কাঠের পরিমাণ ছিল ১৬.৭৪ কোটি ঘনফুট। এর মূল্য প্রাক্কলিত হয়েছে ৬০৪০৭ কোটি টাকা। এই উৎপাদন ও তার মূল্য ২০১০-১১ সালের তুলনায় প্রান্তিকভাবে বেশি।

২০১১-১২ সালে গৃহস্থালিতে উৎপাদিত রাবার লেটেক্সের পরিমাণ ছিল ১৫৫২ মেট্রিক টন। ২০১০-১১ সালে এর পরিমাণ ছিল ১০৩০৭ মেট্রিক টন। রাবার উৎপাদন সম্পর্কে এই পর্যায়ে প্রাপ্ত সংখ্যা দেশের মোট রাবার উৎপাদনের প্রতিফলক নয়। কেননা, দেশের রাবার উৎপাদনের প্রায় সর্বাংশই গৃহস্থালির বাইরে সংজ্ঞায়িত বন এলাকায় হয়ে থাকে।


এই জরিপে এটাও বিদিত হয়েছে যে ৫ শতাংশ বা তার বেশি জমি সংবলিত গৃহস্থালির মধ্যে শতকরা ৮.১ ভাগে কোন গাছগাছালি নেই এবং মাত্র শতকরা ৩.১ ভাগ গৃহস্থালিতে পরিকল্পিতভাবে গাছগাছড়া রোপণ ও লালন করা হচ্ছে; শতকরা ২১.৬ ভাগ গৃহস্থালিতে বাড়ির বাইরে অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা বনরাজি রয়েছে। এই তিনটি তথ্য গৃহস্থালি পর্যায়ে অধিকতর ও বিস্তৃততর গাছগাছালি রোপণ ও লালনের বড় পরিধির বিদ্যমানতা নির্দেশ করে।


এ জরিপে প্রাপ্ত তথ্যাদির আলোকে এ সুস্পষ্ট হয়েছে যে বাংলাদেশে গৃহস্থালি পর্যায়ে শহরে এবং গ্রামে গাছগাছালির সংখ্যা বেশ কম। যে শ্যামল বাংলাদেশের প্রতিচ্ছবি আমাদের সামনে যুগ যুগ ধরে ধরা আছে তা ক্রমান্বয়ে দ্রুতগতিতে বিলীন হয়ে যাচ্ছে।

জরিপে এটাও সুস্পষ্ট হয়েছে যে, গৃহস্থালি পর্যায়ে শহরে ও গ্রামে জ্বালানি কাঠের অভাব প্রকটভাবে দৃশ্যমান হয়ে আসছে। যদি এর সঙ্গে ফসল উৎসারিত খড়-কুটার জ্বালানি হিসেবে সরবরাহ কমে আসে তাহলে সার্বিকভাবে গৃহস্থালি পর্যায়ে জ্বালানির এ অভাব প্রকটতর হবে।

এ জরিপে প্রাপ্ত এ সব তথ্যাদির ভিত্তিতে বাংলাদেশে গৃহস্থালি পর্যায়ে বনায়ন বিস্তৃতকরণের বা গাছগাছালির সংখ্যা বাড়ানোর লক্ষ্যে কতিপয় পদক্ষেপ নেয়া জরুরী হয়ে দাঁড়িয়েছে।

এক. গৃহস্থালি পর্যায়ে বনায়নকে ব্যাস্টিক ও সামষ্টিক কর্মসূচী ও দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। গৃহস্থালিতে লভ্য জমির পাশাপাশি গ্রাম, ইউনিয়ন ও থানা পর্যায়ের বিস্তৃত সড়কগুলোর দু’ধারে পরিকল্পিতভাবে বনায়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে।

 আমরা চাঁদপুরের কচুয়া থানায় সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচী নামক এক অসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ১০ বছরে কয়েক কোটি টাকা কাঠ-গাছ রোপণ-পরিচর্যা করার পরে পরিপক্বতার চক্র অনুযায়ী সেগুলো বিক্রি করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করতে সমর্থ হয়েছি। এ কার্যক্রমের আওতায় সড়কের পাশের গ্রামে বসবাসরত স্বল্পবিত্ত বা বিত্তহীন পুরুষ ও নারীরা একেকজনে সড়কের দু’পাশে অসরকারী প্রতিষ্ঠান কর্তৃক রোপিত নির্দিষ্ট সংখ্যক গাছের পরিচর্যা প্রায় ১০ বছর ধরে করেছেন এবং পরে সেসব গাছ বিক্রি করে যে আয় পাওয়া গেছে তার শতকরা ৬০ ভাগ নিজেরা নিয়েছেন, ২০ শতাংশ সংশ্লিষ্ট অসরকারী প্রতিষ্ঠানকে গাছ কেটে নেয়া স্থানে আবার নতুন করে গাছ লাগাতে দিয়েছেন এবং বাকি ২০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে দিতে পেরেছেন। 

প্রতি বর্গমাইলের সড়ক নিবিড়তা বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। এ সব সড়কের দু’পাশে বন সৃষ্ট করলে তা কেবল সড়ক রক্ষণে নয়, যথা প্রয়োজন বনরাজি সৃষ্টি করে দেশের প্রয়োজনীয় আর্দ্রতা বাড়ানোয় এবং অধিকতর বৃষ্টিপাত ঘটানোয় সহায়ক হবে। এ ধরনের কার্যক্রম দেশের সর্বত্র গ্রহণ করলে সামাজিক বনায়নের সঙ্গে গৃহস্থালির বনায়নও বিস্তৃত হবে।


দুই. গৃহস্থালি বনায়ন সকল পর্যায়ে বাড়ানোর লক্ষ্যে গ্রামে গ্রামে নার্সারি বা বীজাগার প্রতিষ্ঠা করা কর্মানুগ হবে।

নার্সারি স্থাপনকে অধিকতর বিস্তৃত ও ত্বরান্বিত করে গৃহস্থালি ও সামাজিক বনায়নের জন্য প্রয়োজনীয় গাছের চারা সহজতর ও সুলভতরভাবে লভ্য হবে।

তিন. দেশে জ্বালানি কাঠ এবং গৃহস্থালি নির্মাণ ও আসবাবপত্র নির্মাণে কাঠের ব্যবহার যৌক্তিকভাবে কমাতে হবে। এ লক্ষ্যে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহারকে কমানোর জন্য ধানের তুষ ও খড়-কুটা মিশিয়ে আলকাতরার প্রলেপ দিয়ে অধিকতর শক্তিশালী জ্বালানি উৎপাদন ও ব্যবহার, সকল ইটের ভাটায় কাঠের পরিবর্তে দেশ থেকে আহরিত কয়লা প্রযুক্তকরণ, গৃহস্থালিতে বিশেষত শহরের গৃহস্থালিতে অনুরূপভাবে কয়লার ব্যবহার প্রচলিত ও বাড়ানো লক্ষ্যানুগ হবে। তেমনি বিজ্ঞান ও শিল্প সংস্থার গবেষণালব্ধ জ্বালানি সাশ্রয়ী চুলা ব্যবহার, বায়ো গ্যাস উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির দিকে নজর দিতে হবে।

চার. আইন করে দেশে ফলদ গাছ সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া কাটা নিষিদ্ধ করতে হবে। অনুরূপভাবে বনজ ও ভেষজ গাছ পরিপক্ব না হওয়ার আগে কাটার ওপর নিষেধাজ্ঞা কিংবা সীমাবদ্ধতা আরোপ করতে হবে। শহরাঞ্চলে ফলদ, বনজ ও ভেষজ গাছের রোপণ ও পরিচর্যা বিস্তৃত এবং মালিকানা ও অবস্থান নির্বিশেষে সংশ্লিষ্ট পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া এ সব গাছ কাটা নিষিদ্ধ করতে হবে। প্রয়োজনের মানদণ্ডে বাংলাদেশের বন-আবৃত ভূমির পরিমাণ অনেক কম। এ কমতির পরিমাণ কিয়দংশে বাড়ানো যেত যদি গৃহস্থালি পর্যায়ে বন-সম্পদ বা গাছগাছালি বেশি থাকত। পশ্চিমা ইউরোপের কতিপয় দেশে মালিকানা ও স্থান নির্বিশেষে গাছ কাটার ওপর এ ধরনের নিষেধাজ্ঞা ঈপ্সিত ফল দিয়েছে।

পাঁচ. শহর ও গ্রামের গৃহস্থালি পর্যায়ে এবং অন্য কাজে প্রযুক্ত না হওয়া খালি জমিতে অধিকসংখ্যক গাছ রোপণ ও লালন করার অনুকূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

দ্বিতীয় মহাযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত ইউরোপে এ ধরনের সামাজিক চেতনাবোধ প্রায় সে সব দেশের প্রায় সকল দেশের নাগরিকদের গাছ রোপণ ও লালন করার অনুকূলে প্রণোদিত করেছিল। ফলদ যুদ্ধবিধ্বস্ত ইউরোপ লক্ষণীয় কম সময়ে একটি সবুজ আবাসন সংবলিত মহাদেশে রূপান্তরিত হয়। জমির স্বল্পতা সত্ত্বেও বাংলাদেশকে এ ধরনের চেতনাবোধ হতে আমরা ঈপ্সিত মাত্রায় ও দ্রুততার সঙ্গে আবারও শ্যামল দেশে রূপান্তর ও রক্ষা করতে সক্ষম হব।
উদ্ভিদকুল

উদ্ভিদকুল


                                           টগর


উদ্ভিদকুল (Flora)  কোনো দেশ বা অঞ্চলের উদ্ভিদ সম্পদ। বাংলাদেশে রয়েছে প্রায় ৬০০০ প্রজাতির গাছগাছালি। এর মধ্যে প্রায় ৩০০ প্রজাতি বিদেশ থেকে আনা হয়েছে। আটটি প্রজাতি একান্তভাবেই বাংলাদেশের স্থানীয় (endemic)। বাংলাদেশের উদ্ভিদ প্রজাতির প্রায় ৫,০০০টি  আবৃতবীজ উদ্ভিদ (সপুষ্পক উদ্ভিদ) এবং চারটি অনাবৃতবীজ উদ্ভিদ। এদেশে যে ৯৫টি প্রজাতি বিপন্ন বলে বিবেচিত তার মধ্যে ৯২টি আবৃতবীজ এবং তিনটি অনাবৃতবীজ উদ্ভিদ। কেবল স্বাদুপানির পরিবেশ থেকেই প্রায় ৩০০ প্রজাতির শৈবালের নাম লিপিবদ্ধ করা হয়েছে। অল্প লোনা পানি এবং সামুদ্রিক আবাসে এদের আরও অনেক প্রজাতি রয়েছে। দেশের ছত্রাক সম্বন্ধে তথ্য এখনও সম্পূর্ণ নয়। বাংলাদেশে প্রায় ২৫০ প্রজাতির  ব্রায়োফাইট (bryophyte) রয়েছে এবং এদেশে প্রাপ্ত প্রায় ২৫০টি টেরিডোফাইট (pteridophyte) প্রজাতির মধ্যে ২৩০টি ফার্নজাতীয়।


গবেষণা ও সমীক্ষা পূর্ব ভারতে, বিশেষ করে সিলেট,  সুন্দরবন ও চট্টগ্রাম থেকে পর্যাপ্ত সংগ্রহসহ ব্যাপক উদ্ভিদ সন্ধান চালান যোসেফ ডালটন হুকার (Joseph Dalton Hooker, ১৮১৭-১৯১১) ও তাঁর সহকর্মী টমাস টমসন (Thomas Thomson, ১৮১৭-১৮৭৮)। ১৮৫৫ সালে প্রকাশিত Himalayan Journal-এ হুকার ধারাবাহিকভাবে ভ্রমণকথা ও সেখানকার উদ্ভিদজগতের বর্ণনা লিখেছেন। ১৮৫০ সালের ১ মে কলকাতা থেকে এক দীর্ঘ নৌযাত্রায় তিনি পাবনা, ঢাকা ও মেঘনা নদী পেরিয়ে ছাতক ও সিলেট পৌঁছেন। ১৮৫১ সালের জানুযারি মাসে কলকাতা ফেরার পথে তিনি কিছুটা নৌকায়, কিছুটা পায়ে হেঁটে সীতাকুন্ড, চট্টগ্রাম, হাতিয়া, সুন্দরবন ও ঢাকা অঞ্চলে ভ্রমণ করেন। হুকার ভারত উপমহাদেশের উদ্ভিদ ভূগোল চর্চারও অগ্রদূত। কয়েকজন প্রখ্যাত উদ্ভিদবিদের সহযোগিতায় তিনি তাঁর সাত খন্ডের রচনা Flora of British India (১৮৭২-১৮৯৭) প্রকাশ করেন। Botanical Survey of India-র প্রথম পরিচালক স্যার জর্জ কিং (১৮৪০-১৯০৪) একান্তভাবে বঙ্গোপসাগরের পূর্বাঞ্চল থেকে উদ্ভিদ সংগ্রহের জন্য ১৮৯২ সালে কিছু লোক নিয়োগ করেন। তিনি Annals of the Royal Botanic Gardens, Calcutta নামে শ্রেণিবিন্যাস গবেষণার এক সচিত্র মনোগ্রাফ প্রকাশেরও উদ্যোক্তা।



কলকাতার প্রেসিডেন্সি কলেজের গণিতের অধ্যাপক (১৮৬৬) চার্লস ব্যারন ক্লার্ক (Charles Baron Clarke, ১৮১২-১৯০৯) পরবর্তী সময়ে পূর্ববঙ্গের স্কুল পরিদর্শক হিসেবে কর্মরত থাকাকালে আড়াই বছর নৌকায় ভ্রমণ করে প্রায় ৭০০০ উদ্ভিদের নমুনা সংগ্রহ করেন। তিনি বরিশাল, পূর্ব সুন্দরবন, ঢাকা, যশোর ও চট্টগ্রাম থেকেও নমুনা সংগ্রহ করেন। ১৮৮৩ সালে আসামে বদলি হলে তিনি গোটা প্রদেশ পায়ে হেঁটে বিপুল সংখ্যক নমুনা সংগ্রহ করেন। ক্লার্ক Commelinaceae, Cyperaceae ও Scrophulariaceae গোত্রের আগাছার দিকে বেশি নজর দেন। ফলে এসব উদ্ভিদের ওপর একটি মনোগ্রাফ রচনা করতে সমর্থ হন।


রবার্ট লরেন্স হেইনিগ (Robert Lawrence Heinig) ১৮৯৫ সালে ভারতে পৌঁছে চট্টগ্রাম ও সুন্দরবনে বনকর্তা থাকাকালে বনজ উদ্ভিদ সম্পর্কে ব্যাপক তথ্য সংগ্রহ করেন এবং এগুলি সুন্দরবনের বনসংক্রান্ত কর্মপরিকল্পনা ও তাঁর A list of Plants of the Chittagong Collectorate and Hill Tracts (১৯২৫) সংকলনভুক্ত হয়। জে.এম কোয়ান (JM Cowan) ১৯২৬ সালে The Flora of Chakaria Sundarbans প্রকাশ করেন যখন সেটি ছিল এক সমৃদ্ধ উপকূলীয় অরণ্য। আই.এইচ বার্কিল (IH Burkil, ১৮৭০-১৯৬৫) বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া-এর অর্থনৈতিক উদ্ভিদবিদ হিসেবে নিজ দায়িত্ব পালনের পর ডেভিড প্রেইনের (David Prain, ১৮৫৭-১৯৪৪) সঙ্গে গাছ-আলুর (Dioscorea) এশীয় প্রজাতিগুলির পুনঃপর্যালোচনার কর্মকান্ডে শরিক হন। গবেষণা নিবন্ধটি Annals of the Royal Botanic garden, Calcutta (১৯৩৬, ১৯৩৮) প্রকাশিত হয়। সুদক্ষ উদ্যানবিদ যোসেফ প্যাক্সটন (Joseph Paxton) বার্মা (বর্তমান মায়ানমার) থেকে Amherstia nobilis গাছের বীজ সংগ্রহের জন্য জন গিবসনকে (John Gibson) ভারতে পাঠান। কলকাতা পৌঁছে তিনি নৌকাযোগে মাথাভাঙ্গা ও  গঙ্গা নদী পেরিয়ে ঢাকা আসেন এবং সেখান থেকে মেঘনা ও  সুরমা নদী দিয়ে ছাতক পৌঁছেন। অতঃপর খাসিয়া পাহাড় থেকে এক  নৌকা বোঝাই উদ্ভিদের নমুনা সংগ্রহ করেন যাতে ছিল মূলত  অর্কিড


এই অঞ্চলে প্রথম দিকের চায়ের আবাদ ব্যবসায়িকভাবে গড়ে ওঠে নি। ন্যাথানিয়েল ওয়ালিচ (Nathaniel Wallich, ১৭৮৬-১৮৫৪) কলকাতা উদ্যানের অধ্যক্ষ থাকাকালে তাঁর নেতৃত্বে আরেক উদ্ভিদবিদ উইলিয়ম গ্রিফিথ (William Griffith, ১৮১০-১৮৪৬) ও মৃত্তিকা বিজ্ঞানী জন ম্যাকক্লেল্যান্ড (John McClelland) সহ একটি সন্ধানীদল কী পরিস্থিতিতে বনে  চা গাছ জন্মে তা দেখার জন্য ১৮৩৫ সালে আসাম মালভূমি সফর করেন। ক্যান্টন থেকে চা বীজের প্রথম চালান আসে এবং সাদিয়ার কাছে নার্সারির স্থান নির্বাচিত হয়। পরবর্তীকালে নবগঠিত আসাম কোম্পানি চা বাগানগুলির মালিকানা পায় এবং ১৮৪০ সালে চট্টগ্রামে একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়। ১৮৫৫ সালে বর্তমান বাংলাদেশের সিলেট জেলার চান্দখানি পাহাড়ে বুনো চায়ের সন্ধান মেলে। অবশ্য বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৫৭ সালে সিলেট শহর থেকে দু’মাইল দূরে মালনিছড়াতে।
আঠারো শতকের শেষের দিকে কলকাতায় ব্যবসা-বাণিজ্যের জন্য বার্মা থেকে আনা সেগুন (Tectona grandis) দিয়ে মাল পরিবহনের জাহাজ তৈরি হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সামরিক বিভাগের সচিব রবার্ট কিডের (Robert Kid) সুপারিশে কলকাতার সন্নিকটে হুগলি নদীর তীরে কলকাতা উদ্যানের একাংশে ১৮৮৭ সালে পরীক্ষামূলক সেগুনচাষ শুরু হয়। বার্মা থেকে আনা বীজ দিয়ে কাপ্তাই ও চট্টগ্রামের পার্বত্য এলাকায় সেগুন গাছ রোপণ শুরু হলে বনাঞ্চলে এ প্রথম বিদেশি প্রজাতির সূচনা ঘটে।


উদ্ভিদচর্চায় সার্জন ও মিশনারিদের অবদান  বাংলাদেশসহ পূর্ব-ভারত ও লাগোয়া অঞ্চলে উদ্ভিদ সমীক্ষা শুরু হয়েছিল ১৮ শতকের শেষার্ধে কলকাতায় ব্রিটিশ গভর্নর জেনারেলের বাসভবন প্রতিষ্ঠার পর। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত স্কটিশ সার্জন  উইলিয়ম রক্সবার্গ (William Roxburgh, ১৭৫১-১৮৫১) ছিলেন অগ্রণী উদ্ভিদ পর্যবেক্ষক। তিনি Hortus Bengalensis (১৮১৪)-এর রচয়িতা, যার পরবর্তী সংশোধিত সংস্করণ Flora Indica (১৮৩২)। তৎকালীন ভারতের উদ্ভিদবিদ্যায় তাঁর মূল্যবান অবদানের সুবাদে তিনি ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক হিসেবে স্মরণীয়।
ডেনমার্কের মিশনারি উইলিয়ম কেরী (William Carey, ১৭৬১-১৮৩৪) কলকাতা আসেন ১৮ শতকের শেষ নাগাদ। বাংলার উদ্ভিদবিদ্যা ও উদ্যানবিদ্যা গবেষণা এবং কাগজ তৈরি ও মুদ্রণের অগ্রদূত হিসেবে তিনি বাংলার ইতিহাসে বিশিষ্ট স্থান দখল করে আছেন। কেরি ১৮৩২ সালে রক্সবার্গের ৩ খন্ডের Flora Indica সম্পাদনা করেন। নীলকর হিসেবে মালদহে থাকাকালে তিনি বাংলা শিখেন। কেরি ভারতে অ্যাগ্রো-হর্টিকালচারাল সোসাইটিরও প্রতিষ্ঠাতা। তাঁর শিষ্য ভয়ট (JO Voigt) কেরির বাগানের দায়িত্ব নেন, একটি হার্বেরিয়াম গড়ে তোলেন এবং পরবর্তীকালে  শ্রীরামপুর ও কলকাতার বাগানগুলির গাছপালার তালিকার সংকলন হিসেবে Hortus Subarbanus Calcuttensis প্রকাশ করেন। ডেনমার্কের আরেক সার্জন ন্যাথানিয়েল ওয়ালিচ (Nathaniel Wallich, ১৭৮৬-১৮৫৪) কলকাতা বোটানিক গার্ডেনের সুপারিনটেনডেন্ট থাকাকালে পূর্ব-ভারত থেকে বিপুল পরিমাণ উদ্ভিদ সংগ্রহ করেন এবং নিজেই সেগুলি লিথোগ্রাফির মাধ্যমে তালিকাভুক্ত করেন যা Wallich’s Catalogue নামে পরিচিত এবং আজও সন্ধানসূত্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেক স্কটিশ উদ্ভিদবিদ ফ্রান্সিস হ্যামিলটন (Francis Hamilton, ১৭৬২-১৮২৯) বর্তমান ফেনী জেলার লক্ষ্মীপুর থেকে ৬ মাইল উত্তরে পাথুরাহাট থাকাকালে সুন্দরবনের গাছপালা সংগ্রহ করেন। এদেশে তাঁর উদ্ভিদ জরিপ মূলত মেঘনা নদীর পূর্বাঞ্চলে সীমিত থাকে এবং ১৭৯৮ সালে চট্টগ্রাম থেকেও উদ্ভিদ নমুনা সংগ্রহ করেন। জরিপকালীন মন্তব্যে তাঁর লেখা ঐতিহাসিক, জাতিতাত্ত্বিক ও ভৌগোলিক তথ্যাদি পরে Edinburgh Journal of Science (১৮২৫-২৬) প্রকাশ করে। তাঁর জরিপকালে রেকর্ডকৃত নিবন্ধ   A Journey from Kutubdia to Comilla, ১৭৯৯ এ অঞ্চলের উদ্ভিদ সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে। পরে ১৮০৭ সালে তাঁকে প্রত্যেকটি জেলার বাসিন্দার সংখ্যা ও অবস্থা, খাদ্যাভ্যাস, রোগবালাই, শিক্ষার স্তর ছাড়াও ভূসংস্থান,  জলবায়ু, আবহতত্ত্ব,  ইতিহাস ও পুরাতত্ত্বের বিবরণ প্রস্ত্ততের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ বিরাট কাজ শুরু হয়েছিল তৎকালীন রংপুরের উত্তর-পূর্ব এলাকা দিনাজপুরে ১৮০৭ সালে।


১৮১৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিকিৎসা বিভাগে যোগদানকারী আরেক ব্রিটিশ সার্জন রবার্ট উইট (Robert Wight, ১৭৯৮-১৮৭২) সখের বশে গাছপালার প্রতি আকৃষ্ট হন। তিনি লিথোগ্রাফি শেখেন এবং ১৮৫৩ সালে ৬ খন্ডে প্রকাশিত তাঁর Icones Plantarum Indiae Orientalis (পূর্ব-ভারতের গাছপালার চিত্র) গ্রন্থমালায় তা ব্যবহার করেন।


হিউ ক্লেগহর্ন (Hugh Cleghorn) সিভিল সার্জন হিসেবে ভারতে এসে এদেশের উদ্ভিদ-বাস্তব্যবিদ্যার পথিকৃৎ হন। তিনি গুল্মজাতীয় গাছপালার বাস্তব্যবিদ্যা এবং বিভিন্ন পরিস্থিতিতে এগুলির ব্যবহার নিয়ে কাজ করেছেন ও পরবর্তীকালে বালু-বাধক উদ্ভিদ সম্পর্কে  নিবন্ধও লিখেছেন।
উইলিয়ম গ্রিফিথ (William Griffith, ১৮১০-১৮৪৫), নৌকাযোগে কলকাতা থেকে সংগ্রহাভিযান শুরু করে পাবনায় পৌঁছেন ৯ সেপ্টেম্বর, ১৮৩৫, অতঃপর নদী ও বিল পেরিয়ে সিরাজগঞ্জে এবং সেখান থেকে জামালপুর হয়ে ব্রহ্মপুত্রের ভাটিতে ময়মনসিংহ পৌঁছেন। তারপর হবিগঞ্জ থেকে সুরমা নদী উজিয়ে ছাতক এবং সেখান থেকে চেরাপুঞ্জি। নৌভ্রমণের সময় হাওর-বাওড়ের জলজ ও জলাভূমির উদ্ভিদকুলের তালিকা প্রস্ত্তত করেন। এ ভ্রমণের প্রধান উদ্দেশ্য ছিল আসামে চা চাষ করা যায় কিনা তা দেখা। তিনি ১৯৩৮ সালে ফরিদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুর পর্যন্ত নৌযাত্রার বর্ণনা লিখেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া অগ্রাহ্য করে গ্রিফিথ আসামের উদ্দেশ্যে সুরমা নদী বেয়ে তেরিয়াঘাট পৌঁছেন। উদ্ভিদবিদ হিসেবে সাড়ে বারো বছরের সংক্ষপ্তি কর্মজীবনের সমুদয় শক্তি তিনি সন্ধান, সংগ্রহ, সমীক্ষা ও চিত্রাঙ্কনে ব্যয় করেছেন।


ডেভিড প্রেইন (David Prain, ১৮৫৭-১৯৪৪) ১৮৮৩ সালে এবার্ডিন ও এডিনবরা থেকে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি লাভের পর মেঘনার পূর্বতীরের লক্ষ্মীপুরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারাখানায় কর্মরত হন। তিনি  কলকাতা বোটানিক গার্ডেন ও বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ারও সুপারিনটেনডেন্ট ছিলেন। তাঁর রচনা Bengal plants  (১৯০৩) ও Flora of Sundarbans (১৯৩০) আজও যথেষ্ট সমাদৃত।  [মোঃ সালার খান]
আরও দেখুন রক্সবার্গ, উইলিয়ম; কলকাতা বোটানিক গার্ডেন



উদ্ভিদবৈচিত্র্য  হুকারের মতে (১৮৫৪) তৎকালীন বাংলা প্রদেশে ছিল মাত্র দুটি উদ্ভিদ-ভৌগোলিক  বিভাগ ১. গাঙ্গেয় সমতল ও ২. সুন্দরবনের উপকূলীয় অরণ্য। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী বাংলাদেশের সপুষ্পক উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় ৫০০০। অব্যাহত নতুন গাছপালা প্রবর্তনসহ এতে স্থানীয় ও বিদেশি উভয় প্রজাতিই অন্তর্ভুক্ত।


সমভূমির উদ্ভিদবৈচিত্র্য  ব্যাপক চাষাবাদের অনুকূল বাংলাদেশের সমভূমি উর্বর পলিমাটির জন্য বিখ্যাত। প্রান্তিক ভূমি (চর, আইল, পথের পাশে) ও পতিত জমিতে দেশি-বিদেশি অঢেল আগাছা জন্মে। ঘেঁটু/ভাট (Clerodendrum viscosum), ঘাঘরা (Xanthium strumarium), আসশেওড়া/দাঁতমর্দন (Glycosmis pentaphylla), হাতিশুঁড় (Heliotropium indicum), সানচি (Alternanthera sessiles), ভুঁইওকড়া (Lippia nudiflora), পানিমরিচ (Croton bonplandianum), তারালতা (Mikania cordata) ইত্যাদি আগাছা প্রায় সর্বত্র চোখে পড়ে। নানা ধরনের জলাশয় ও জলাভূমিতে অনেক প্রকার  জলজ উদ্ভিদ যেমন, ঘেচু (Potomageton),  ক্ষুদিপানা (Lemna), টোপাপানা (Pistia), ঝাঁঝি (Hydrilla), পাতা ঝাঁঝি (Vallisnaria) এবং বিভিন্ন পতঙ্গভুক উদ্ভিদ, যেমন ছোট ঝাঁঝি (Utricularia) ইত্যাদি জন্মাতে দেখা যায়। Salvinia ও Azolla-র মতো ভাসমান ফার্ন ডোবা, খাল, পুকুর ইত্যাদি ভরে রাখে। প্রায় সারাদেশেই কচুরিপানার (Eichornia crassipes) প্রাচুর্য লক্ষণীয়। দেশের নিম্নাঞ্চল গোটা মৌসুমি ঋতুতে  শাপলা (Nymphaea pubescens), শালুক (N. stellata) ও পদ্ম (Nelumbo nucifera) অপরূপ হয়ে ওঠে।
ঘাঘরা


নল (Erianthes rivenae), খাগড়া (Phragmites karka), বড়-নল (Arundo domax), কাশ (Saccharum spontaneum) ইত্যাদি বড় আকারের তৃণজাতীয় উদ্ভিদে হাওর-বাঁওড় ও নদীতীর ছেয়ে থাকে। অনেক সময়ে এগুলির মধ্যে জন্মে হোগলা (Typha angustata), উলু (Imperata cylindrica) ও বেনা জাতীয় তৃণের (Cyperaceae) নানা প্রজাতি।
 
বনভূমির উদ্ভিদবৈচিত্র্য  দেশের সর্বত্র বিক্ষিপ্ত গ্রামীণ আবাসস্থল ঘিরে থাকা গাছগাছড়া নিয়ে গড়ে ওঠে বসতবাড়ির বন (homestead forests)। এগুলিতে রয়েছে কলা (Musa species) ও বাঁশঝাড় (Bambusa species); সঙ্গে কিছু ফলগাছ (আম, কাঁঠাল, বেল, সুপারি, নারিকেল, তাল, ইত্যাদি), জ্বালানির জন্য গাছ (বরুন, কড়ই) এবং বিভিন্ন দারুবৃক্ষ (দেবদারু, ছাতিম ইত্যাদি)।
 
গোলপাতা

বাংলাদেশের উপকূল প্রায়শ সুন্দরবন নামে পরিচিত, রায়মঙ্গল ও অন্যান্য শাখানদীর মোহনায় দেশের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত। সেখানকার সুন্দরি (Heritiera fomes) ও গেওয়া (Excocearia agallocha) প্রজাতির সঙ্গে ভিন্ন মাত্রায় মিশে আছে কাকরা (Bruguiera gymnorhiza), বাইন (Avicennia species), পসুর (Carapa species) ও কেওড়া (Sonnerata species)। অপেক্ষাকৃত কম লবণাক্ত নদীতীর ও খালপাড়ের খোলা জায়গায় বনের লক্ষণীয় বৈশিষ্ট্য সেখানকার দুটি দলবদ্ধ পাম-প্রজাতি গোলপাতা (Nypa fruticans) ও   হেন্তাল (Phoenix paludosa)। কাদা-চর ও খালপাড়ে জন্মে কাঁটাভরা হারগজা (Alanthus ilicifolius) এবং ঝাড়-বাঁধা ভোলা (Hibiscus tiliaceous)। এ বনে নানা প্রজাতির ঘাস, অর্কিড ও ফার্ন যথেষ্ট পরিমাণে থাকলেও বাঁশের অনুপস্থিতি ম্যানগ্রোভ বাস্ত্ততন্ত্রের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য।
 
শালুক


সিলেটের প্রাকৃতিক বনে ট্রি-ফার্নের (Cyathaea species) উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। এ অঞ্চলের হাওরের উদ্ভিদকুল মিঠাপানির বাদা-বনের বৈশিষ্ট্যধর, তাতে আছে হিজল (Barringtonia acutangula), করঞ্জা (Poungamia glabra) এবং অসংখ্য ডুবন্ত ও ভাসমান জলজ উদ্ভিদ।
সমতল বনভূমির উল্লেখযোগ্য উদাহরণ ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহের শালবন। এ বনের সিংহভাগ শালের (Shorea robusta) সঙ্গে আছে বহেড়া (Terminalia belerica), হরীতকী (T. chebula--), চালতা (Dillenia pentagyna), কড়ই (Albizia spp), সোনালু (Cassia fistula), কুরচি (Holarrhena antidysenterica), এবং কুম্ভি (Careya arborea)। বৃক্ষতলের গাছপালা একদা পর্যাপ্ত ও বিভিন্ন জাতের ছিল, যেমন আদা জাতীয় (প্রধানত Curcuma aromatica), ভূমিজ অর্কিড, পাম (Phoenix acaulis), কয়েক ধরনের তৃণ ও  আগাছা প্রজাতি। লতাগুলি খুবই লম্বা, প্রধানত গোয়ালিলতা (Butea parviflora), বেহুর (Bauhinia vahlii), কুমারিকা (smilax macrophylla), চাপড়আলু, (Dioscorea species) এবং Vitaceae গোত্রের কিছু প্রজাতি। ক্রমাগত মানুষের হস্তক্ষেপ (প্রধানত গাছকাটা, ঝরাপাতা কুড়ানো ও অত্যধিক সংগ্রহ) এ বনের উদ্ভিদবৈচিত্র্যের মূল বিপদ।

 
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনগুলি নানাভাবে চিরসবুজ ও অজস্র পত্রমোচী প্রজাতিসহ অর্ধপত্রমোচী বন হিসেবে চিহ্নিত। অবৈধ গাছকাটা, জুমচাষ ও অন্যান্য আদিবাসী কার্যকলাপের জন্য প্রকৃতি, প্রজাতি প্রাচুর্য ও বৈচিত্র্যের জন্য একদা প্রসিদ্ধ এ বনগুলি এখন বিপজ্জনক হারে সংকুচিত হচ্ছে। বনের উপরিভাগে (top storey) আছে গর্জন  (Dipterocarpus species), তেলসুর (Hopea odorata), চাপালিশ (Artocarpus chaplasha), চুন্দুল (Tetrameles nudiflora) ও বিভিন্ন প্রজাতির কড়ই (Albizia)। নিচের তলার (lower storey) প্রজাতির মধ্যে জারুল (Lagerstroemia speciosa), তুন (Toona ciliata), জাম (Syzygium species), জলপাই (Elaeocarpus floribundas) ও glochidion উল্লেখ্য। কাষ্ঠলতা (lianas), পরাশ্রয়ী (মূলত অর্কিড, ফার্ন ও সপত্রিক মস) উদ্ভিদ ও বৃক্ষতলের আগাছা অঢেল। বড় বড় বাঁশবনের জন্য কাসালং বনে প্রধানত মূলি (Meloccana baccifera), মিরতিংগা (Bambusa tulda) ও অরাবাঁশ/লাঠিবাঁশ (Dendrocalamus longispathus) রয়েছে। তৃণভূমির আদল চোখে পড়ে নদীতীরে ও নদীর কিনারের খোলা জায়গায়। এসব জায়গায় আছে খাগ (Saccharum spontaneum), উলু (Imperata cylindrica) ও বেনা (Vetiveria zizanoides)।

 
সামুদ্রিক উদ্ভিদবৈচিত্র্য  বঙ্গোপসাগরের শৈবাল, বিশেষত  মোহনা ও সেন্ট মার্টিনস দ্বীপ যথেষ্ট সমৃদ্ধ ও বৈচিত্র্যময়, কিন্তু অতিমাত্রায় সংগ্রহ ও যদৃচ্ছা আহরণের ফলে এ সম্পদও আজ বিলীয়মান।
কৃষিফসলের বৈচিত্র্য  বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ কয়েকটি ফসলের জার্মপ্লাজম সম্পদে সমৃদ্ধ। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ধান, পাট, আখ, চা, তামাক, আলু, ডাঁটাশাক, কলা, বেগুন, মরিচ, তুলা, শিম, লেবু, লিচু, কচু, গাছআলু, বেত, বাঁশ ইত্যাদি। ফসলের আধুনিক জাত গ্রহণের ফলে (ও একক চাষের জন্য) কতটা বংশাণুগত অবক্ষয় ও চাষের জমির মানের অবনতি ঘটেছে সে হিসাব আজও যথাযথভাবে নির্ণয় করা হয় নি। সবগুলি  ফসল প্রজাতির জন্য প্রয়োজনীয় অ্যাগ্রোইকোটাইপ (agroecotype) ও তাদের অভিযোজ্যতা, ভূমিজ জাতিসমূহ ও তাদের বৈশিষ্ট্যগুলি ‘বংশাণু-তল্লাশের’ (gene hunting) মাধ্যমে আজও মূল্যায়িত হয় নি, যা এসব ফসলের জন্য আবশ্যক। জানা যায় যে ধানের প্রায় ১০,০০০ বিভিন্ন জাত বা Cultivar রয়েছে। পক্ষান্তরে, জীন উপাদান বিশেষত বাংলাদেশে বিদ্যমান ফসল-প্রজাতিগুলির বন্য জ্ঞাতিদের সঠিক পরিচয় এখনও অজ্ঞাত। বংশাণুগত প্রকারভেদ যে  কৃষি উৎপাদন বাড়াতে পারে তা অনস্বীকার্য এবং বর্তমান জীব প্রকৌশলগত নতুন প্রযুক্তিগুলি বিশ্বের অর্থনৈতিক উন্নতিতে উদ্দীপনা যোগাচ্ছে। বিদ্যমান জীববৈচিত্র্যের যুক্তিসঙ্গত ব্যবহার ও ব্যবস্থাপনাই কেবল স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।  [এ.বি.এম এনায়েত হোসেন]

 
অর্থকরী উদ্ভিদ  ব্যবসা-বাণিজ্য ও শিল্পে ব্যবহূত উদ্ভিদ বা উদ্ভিদজাত দ্রব্য। সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ অর্থকরী উদ্ভিদ প্রজাতি আছে প্রায় ৫০০০। বাংলাদেশেও পর্যাপ্ত অর্থকরী উদ্ভিদ রয়েছে। এদেশের মোট সপুষ্পক উদ্ভিদ প্রজাতির মধ্যে ৩২০টি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এগুলির মধ্যে ১৫০টি ফসল প্রজাতিই মুখ্য, বাকিগুলির বিপণন নির্দিষ্ট এলাকা বা স্থানীয় লোকদের মধ্যে সীমিত। অর্থকরী উদ্ভিদের মধ্যে ধান, গম ও জোয়ারের মতো দানাশস্যের চাষ ব্যাপক। ধানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ অর্থকরী উদ্ভিদ পাট, চা এবং আখ। পাট ও চা প্রধান অর্থকরী ফসল। অন্যান্য অর্থকরী উদ্ভিদের মধ্যে আছে তেলবীজ, আলু, মিষ্টিআলু, তামাক, তুলা ও কয়েক জাতের ডাল। ফল হিসেবেও অনেকগুলি প্রজাতির চাষ হয়। কাঁঠাল ও আম এদেশে পর্যাপ্ত জন্মায়। অন্যান্য সাধারণ ও অর্থকরী ফল  কালোজাম, পেয়ারা, আনারস, লিচু, কলা, নারিকেল, কুল, পেঁপে, আমড়া, নানা জাতের লেবু, তরমুজ, শসা, আতা ও শরিফা, বেল ও ডালিম। তিসি, সরিষা, তিল, চীনাবাদাম, কুসুম এগুলিই প্রধান তেলপ্রদায়ী ফসল। শাকসবজির মধ্যে উল্লেখযোগ্য লাউ, কুমড়া, বেগুন, টমেটো, ঢেঁড়শ, পেঁপে, শিম, পালং, মুলা, বাঁধাকপি, ফুলকপি, ডাঁটা ও লতালু। মূল্যবান কাঠ প্রদায়ী বৃক্ষের মধ্যে সেগুন, গর্জন, শাল, গামারি, সুন্দরি, কড়ই, রেইনট্রি, সিভিট, জারুল, শিশু ও তেলসুর উল্লেখযোগ্য। চর্ব্য হিসেবে ব্যবহূত সুপারিও গুরুত্বপূর্ণ। আদা, হলুদ, পিঁয়াজ, রসুন, ধনে, কালোজিরা, মরিচ, গোলমরিচ, মেথি, দেশি দারচিনি ইত্যাদি মসলাও অর্থকরী। বাঁশ ও বেতের অনেকগুলি প্রজাতি নিত্যদিনের নানা পণ্য তৈরিতে ব্যবহার্য। কাগজ ও মন্ড প্রস্ত্ততের প্রধান কাঁচামাল কয়েক প্রজাতির বাঁশ, গেওয়া ও কড়ই গাছ। খয়ের গাছ থেকে রঞ্জক পাওয়া যায়। ডালিয়া,  গোলাপ, হাসনাহেনা, মালতি, জুঁই, গন্ধরাজ, গাঁদা, জবা, জিনিয়া ইত্যাদি বাগানের উল্লেখযোগ্য ফুল। প্রধান ভেষজ উদ্ভিদের মধ্যে আছে সর্পগন্ধা, হরীতকী, কুমারিকা, ঘৃতকুমারি, যষ্টিমধু, কুরচি, নক্সভূমিকা, কালমেঘ, নিম, বিষকাঁটালি ও বাসক। মিষ্টি রসের জন্য তাল ও খেজুর প্রসিদ্ধ। অপুষ্পক উদ্ভিদেরও অর্থনৈতিক গুরুত্ব আছে, যেমন  মাশরুম ও সামুদ্রিক শৈবাল Hypnea। ফার্ন জাতীয় উদ্ভিদের কিছু প্রজাতি সবজি ও বাহারি গাছ হিসেবে আদৃত যেমন Selaginella, Nephrolepis, Adeantum ও Asplenium। সম্প্রতি বাংলাদেশে কিছু বিদেশি অর্থকরী উদ্ভিদের চাষ চলছে যেমন  ভুট্টা, সয়াবিন, মেহগনি, অ্যাকাসিয়া, সূর্যমুখী, আঙুর ও রাবার। [মোস্তফা কামাল পাশা]

 
ভেষজ উদ্ভিদ  ভেষজ গুণসম্পন্ন এবং পশু ও মানুষের রোগনিবারক উদ্ভিদ। এ উপমহাদেশের লোকচিকিৎসার সংহিতায় (Materia Medica) ভেষজ উদ্ভিদের সংখ্যা বর্তমানে প্রায় ২০০০ বলে উল্লেখ আছে। এগুলির মধ্যে বাংলাদেশে জন্মে এমন ৪৫০-৫০০ প্রজাতির উদ্ভিদ এ পর্যন্ত শনাক্ত করা গেছে।
সারণি ১ বাংলাদেশের সচরাচর ব্যবহূত কতিপয় ভেষজ উদ্ভিদ

স্থানীয় নাম
বৈজ্ঞানিক নাম ব্যবহার
উলটকম্বল Abroma augusta রজোদ্দীপক; ঋতুবদ্ধতা ও রজঃকষ্টে ব্যবহার্য।
মুক্তাঝুরি Acalypha indica শ্লেষ্মারেচক, রমনকারক, মূত্রবর্ধক; ব্রঙ্কাইটিস ও হাঁপানিতে ব্যবহার্য।
আপাঙ  Achyranthes aspera বিরেচক, মূত্রবর্ধক, প্রসবত্বরক, রক্তের শর্করা বৃদ্ধি প্রশমক, কিডনির বৈকল্যজনিত শোথ, অর্শ, ফোঁড়া ও অন্যান্য ত্বক-স্ফোটে ব্যবহার্য।
বাসক Adhatoda zeylanica  শ্লেষ্মারেচক, ক্লোমনালী-প্রসারক; কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, যক্ষ্মা ও শ্বাসরোগে ব্যবহার্য।
বেল Aegle marmelos  হজমিকারক, ক্ষুধাবর্ধক, মৃদু-ভেদক, কোষ্ঠকাঠিন্য ও আমাশয়ে ব্যবহার্য।
রসুন Allium sativum বায়ুরেচক, মূত্রবর্ধক, উচ্চ রক্তচাপ প্রশমক; অগ্নিমান্দ্য, রক্তচাপাধিক্য ও বহুমূত্রে ব্যবহার্য।
ছাতিম Alstonia scholaris জ্বরঘ্ন, কোষ্ঠবর্ধক, কৃমিনাশক, রক্ত চাপরোধক, পালাক্রমিক রোগ, জ্বর, উচ্চরক্তচাপ, উদরাময় ও আমাশয়ে ব্যবহার্য।
কালমেঘ Andrographis paniculata  জ্বরনাশক, ক্ষুধাবর্ধক, কৃমিনাশক, পিত্তনিঃসারী; যকৃতের রোগ, শূল, জ্বর, উদরাময় ও অগ্নিমান্দ্যে ব্যবহার্য।
শতমূলী  Asparagus racemosus শিকড় কামোদ্দীপক, মূত্রবর্ধক, স্তন্যক্ষরণ বর্ধক; বহুমূত্রে ব্যবহার্য।
নিম Azadirachta indica জীবাণুনাশক; জ্বর, পানিবসন্ত, ফোঁড়া, আলসার, একজিমা ও চর্মরোগে ব্যবহার্য।
ব্রাহ্মীশাক Bacopa monniera রক্তশোধক, মস্তিষ্ক-স্নায়ু-হার্দ্য টনিক, মূত্রবর্ধক এবং মৃগীরোগে ব্যবহার্য।
নয়নতারা Catharanthus roseus ব্লাডক্যানসার, হজকিনের রোগ (ঐড়ফমশরহ’ং উরংবধংব)  ও বহুমূত্রে ব্যবহার্য।
থানকুনি Centella asiatica পাতার রস চোখের ছানি ও অন্যান্য চক্ষুরোগে এবং গোটাগাছ আমাশয়, বাহ্য ও অভ্যন্তরীণ আলসার ও খিঁচুনিতে ব্যবহার্য।
বাবচি Cullen corylifolia বীজের নির্যাস শ্বেতী, কুষ্ঠ ও প্রদাহী চর্মরোগে ব্যবহার্য।
কালো ধুতরা Datura metel মাদক, বেদনাহর,  প্রতিসংকোচক; পাতা হাঁপানি, শূল, কটিবাত,  যন্ত্রণাদায়ক টিউমার ও গ্রন্থিপ্রদাহে ব্যবহার্য।
আয়াপান Eupatorium triplinerve রক্তরোধক ও জীবণুনাশক; আলসার ও রক্তপাতে উপকারী; হূৎ-উত্তেজক, বমনকারক, ঘর্ম নিঃসারক ও জোলাপ হিসেবে ব্যবহার্য।
অনন্তমূল Hemidesmus indicus ঘর্ম নিঃসারক, মূত্রবর্ধক ও রক্তশোধক; ঔদারিক টিউমারে ব্যবহার্য।
কুরচি Holarrhena antidysenterica আমাশয়রোধী, কোষ্ঠবর্ধক, ক্ষুধাবর্ধক, কৃমিনাশক; ফল রক্তে চিনির মাত্রা কমায়।
চালমুগরা Hydnocarpus kurzii বীজতৈল কুষ্ঠ ও অন্যান্য চর্মরোগে ব্যবহার্য।
মেহেদি Lawsonia inermis পাতা ও ছালের বাটা পোড়া  ও বাষ্পদাহে, খুশকি ও নানা চর্মরোগে ব্যবহার্য; জন্ডিসে উপকারী।
সর্পগন্ধা  Raulwolfia serpentina শিকড় উচ্চরক্তচাপ, অনিদ্রা, উদ্বেগ, উত্তেজনা ও উন্মত্ততা নিরাময়ে ব্যবহার্য।
অশোক Saraca asoca কড়া কোষ্ঠবর্ধক ও জরায়ু প্রশান্তিকর; রজঃস্রাব, অর্শ ও আলসার চিকিৎসায় ব্যবহার্য।
অর্জুন  Terminalia arjuna ছাল রক্তচাপ কমায়, হূৎ-টনিক, কোষ্ঠবর্ধক, লিভার সিরোসিসে টনিকের কাজ করে।
মেথি Trigonella foenum-graecum মূত্রবর্ধক, বায়ুরেচক, স্নিগ্ধকারক ও টনিক; রজঃস্রাবের গোলমাল, বহুমূত্র, উচ্চরক্তচাপ ও যৌনসমস্যা নিরাময়ে ব্যবহার্য।
অশ্বগন্ধা Withania somniferum শিকড় মাথাব্যথা, খিঁচুনি, অনিদ্রা, হিক্কা, কাশি ও শোথে ব্যবহার্য।
আদা Zingiber officinale আদাকন্দ (rhizome) বায়ুরেচক, ক্ষুধাবর্ধক, হজমিকারক; অগ্নিমান্দ্য, বমন, স্বরভঙ্গ, কাশি,গলদাহ ও জ্বরে ব্যবহার্য।
[আবদুল গনি]

 
লোকজ ভেষজ জ্ঞান (Indigenous knowledge and herbal medicine) বাংলাদেশের সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসায় সনাতন স্বাস্থ্যসেবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল প্রকার জ্ঞান ও বিচক্ষণতার মতো লোকপ্রজ্ঞাও মানুষের সরল শুদ্ধাশুদ্ধ পদ্ধতির প্রয়োগ থেকে জন্মে। সনাতন পদ্ধতিসমূহের মধ্যে লোকপ্রজ্ঞা রোগ শনাক্তকরণ ও স্বাস্থ্যসেবায় প্রধান ভূমিকায় রয়েছে। দ্রুত পশ্চিমায়ন ও আধুনিক ঔষধপত্রের প্রচলনের ফলে অনেক অঞ্চলেই সংশ্লিষ্ট লোকপ্রজ্ঞাসহ সনাতন চিকিৎসা পদ্ধতির ওপর প্রতিকূল প্রভাব পড়েছে। বিশেষভাবে দ্রুত শিল্পায়িত এলাকাগুলিতে লোকপ্রজ্ঞা ও সনাতন চিকিৎসা পদ্ধতি লোপ পেতে চলেছে। আয়ুর্বেদ, হেকিমি ও ইউনানি চিকিৎসার মতো সুলিখিত  ও সুনিবন্ধিত পদ্ধতির ক্ষেত্রে বিপদের ঝুঁকি তেমন বেশি নয়। কিন্তু অলিখিত পদ্ধতি বা লোকচিকিৎসা যা মুখে মুখে প্রজন্মান্তরে হস্তান্তরিত, সেগুলির বিপদ অত্যধিক। গ্রামাঞ্চলের কবিরাজি চিকিৎসা লোকপ্রজ্ঞাভিত্তিক চিকিৎসার একটি দৃষ্টান্ত যা প্রাগৈতিহাসিক কাল থেকে ব্যবহূত ও আদৃত হয়ে আসছে।
উত্তরবঙ্গের ১০টি গ্রামের সংগৃহীত তথ্য থেকে জানা গেছে রোগীদের ৩০ শতাংশ সনাতন চিকিৎসা গ্রহণ করে আর ১৫০ জন চিকিৎসকের মধ্যে ৫৭ জন লোকপ্রজ্ঞানির্ভর কবিরাজ। গোটা বাংলাদেশে তালিকাভুক্ত ৫ হাজারের বেশি এ জাতীয় চিকিৎসক ছাড়াও ৩০০০ তালিকা-বহির্ভূত কবিরাজ রয়েছে।
বাংলাদেশে লোকপ্রজ্ঞাভিত্তিক লোকচিকিৎসার ধারা অনেক এবং সেগুলির উদ্ভব ও ব্যবহার নৃগোষ্ঠী সুনির্দিষ্ট এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বৈশিষ্ট্যের। উদাহরণ হিসেবে বয়স্ক গৃহিণী বা মহিলারা অসুখ, দৌর্বল্য ও গর্ভাবস্থার মতো বিশেষ ক্ষেত্রে লোকপ্রজ্ঞাভিত্তিক শিকড়-বাকড়ের ব্যবস্থা দেন। ভিষক, কবিরাজ বা বৈদ্যরা রোগবালাইয়ের জন্য লোকপ্রজ্ঞাভিত্তিক প্রতিষেধক যোগায়। বাংলাদেশে এদের সংখ্যা হাজার হাজার এবং বড় বড় গ্রামে গড়পড়তা ৪-৫ জন। গ্রামীণ পশু চিকিৎসকরা লোকপ্রজ্ঞা ও স্থানীয় গাছগাছড়ার সাহায্যে গৃহপালিত পশুদের চিকিৎসা করে। হাড় চিকিৎসকরা সনাতন লোকপ্রজ্ঞার সাহায্যে ভাঙা হাড় জোড়া লাগায়। ওঝারা  সাপ, কাঁকড়াবিছা ও কুকুর ইত্যাদির কামড়ের চিকিৎসা করে। চিরায়ত প্রসব-সহায়িকা দাই লোকপ্রজ্ঞার ভিত্তিতেই প্রসব করায়।

 
উদ্ভিজ্জ ভেষজের সঙ্গে সংশ্লিষ্ট লোকপ্রজ্ঞা সমৃদ্ধ ঐতিহ্য বাংলাদেশের সকল সনাতন চিকিৎসা পদ্ধতির মূলভিত্তি। সুদূর অতীত থেকে বিকাশের ধারায় উদ্ভাবিত একটি নির্দিষ্ট নিরাময় পদ্ধতি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে এবং ক্রমেই পরীক্ষিত, পরিশুদ্ধ, সংশোধিত ও বিকশিত হয়েছে আর চিকিৎসকদের মাধ্যমে সনাতন পদ্ধতিতে লিপিবদ্ধ হয়েছে। লোকচিকিৎসার একটি বড় অংশ অবশ্য আজও বিভিন্ন বাস্ত্তসংস্থানিক অঞ্চলের সমাজে তাদের লোকপ্রজ্ঞার মতোই একান্ত স্থানীয় হয়ে যাচ্ছে। এ চিকিৎসা কালের গ্রাস এড়াতে পেরেছে এবং কেবল বংশপরম্পরায় স্থানান্তরিত হয়েছে। কিন্তু আধুনিক ঔষধপত্র আসার পর অধিকাংশ লোকজ ভেষজ উদ্ভিদ থেকে তৈরি ঔষধ বহুলাংশে বর্জন করেছে, ফলে লোকপ্রজ্ঞানির্ভর চিকিৎসাগুলি দ্রুত লোপ পাচ্ছে।  [এম ইকবাল জুবেরী]
আরও দেখুন উদ্ভিদজাত ভেষজ; ভেষজ উদ্ভিদ

 
বিপন্ন উদ্ভিদ (Threatened plants)  বিভিন্ন পর্যায়ের বিপন্ন অবস্থায় টিকে আছে। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরিও-তে আহূত শীর্ষ সম্মেলনে বিশ্বের সকল জাতির প্রতিনিধিরা  জীববৈচিত্র্য কনভেনশন (Convention on Biological Diversity/CBD) নামের এক দলিলে স্বাক্ষর করেন এবং তাতে গোটা মানবজাতির কল্যাণের জন্য নিজ নিজ দেশে জীববৈচিত্র্য সুরক্ষার দায়িত্ব তাদের ওপর বর্তায়। বাংলাদেশও এ সনদের স্বাক্ষরদাতা।
 
সকল শিল্পোন্নত দেশ ও অধিকাংশ উন্নয়নশীল দেশ ইতোমধ্যেই নিজ নিজ রাজনৈতিক ভৌগোলিক এলাকার বিপন্ন প্রজাতির সম্পূর্ণ তালিকা প্রস্ত্তত এবং নাম, শনাক্তির তথ্যাদি, চিত্র, দেশ ও দেশের বাইরে প্রজাতির বিস্তার, প্রাকৃতিক পরিবেশে বিপন্ন প্রজাতির অবস্থান, বিপন্নতার সুনির্দিষ্ট কারণ, সংরক্ষণের সর্বোত্তম উপায় ইত্যাকার সংশ্লিষ্ট তথ্যাদি সরবরাহ করেছে। এসব তথ্যের সংকলন লাল তথ্য বই (Red Data Book) নামে পরিচিত এবং এটি বিপন্ন প্রজাতিসমূহ সংরক্ষণের কর্মসূচি বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
জাতীয় সংরক্ষণ কৌশলের জন্য প্রয়োজনীয় সহায়ক দলিলের একাংশ হিসেবে (১৯৯১) বাংলাদেশের সম্ভাব্য বিপন্ন ২৫ প্রজাতির দারু-উদ্ভিদের (vascular plants) একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। বাংলাদেশের বিপন্ন সপুষ্পক উদ্ভিদের লাল বই প্রকাশের উদ্দেশ্যে  বাংলাদেশ জাতীয় হার্বেরিয়াম একটি প্রকল্প গ্রহণ করেছে। সাম্প্রতিক এক অনুসন্ধানে জানা গেছে যে, দেশের অন্যূন ৯৫টি সপুষ্পক উদ্ভিদ প্রজাতি নানা পর্যায়ে বিপন্ন হয়ে পড়েছে। এ তালিকার তথ্যানুসারে অবিলম্বে ব্যাপক ও অর্থপূর্ণ সংরক্ষণের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন আবশ্যক। ১৯৭৫ সালে গৃহীত এবং বাংলাদেশসহ ১৪০টি দেশ কর্তৃক সমর্থিত বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য কনভেনশন (Convention for International Trade in Endangered Species/CITES) অনেক জাতের গাছপালা ও জীবজন্তুর ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে। CITES-এর তালিকাভুক্ত এবং বাংলাদেশের জন্য সবিশেষ উদ্বেগজনক এ ধরনের উদ্ভিদ হলো অর্কিড ও ঔষধি গাছপালা। কাঠ সংগ্রহের সময় অর্কিডের ব্যাপক ধ্বংসের দরুন নান্দনিক দিক থেকে মূল্যবান এ প্রজাতিগুলি অত্যন্ত দ্রুত হারিয়ে যাচ্ছে, আর যদৃচ্ছা সংগ্রহের জন্য লোপ পাচ্ছে ভেষজ গাছগাছালি।  [মোঃ সালার খান]
 
উদ্ভিদবিজ্ঞান শিক্ষা ও গবেষণা  উদ্ভিদবিজ্ঞান জীববিজ্ঞানের একটি শাখা এবং উদ্ভিদের সবগুলি দিক, নিজেদের মধ্যে ও পরিবেশের সঙ্গে পারস্পরিক জটিল মিথষ্ক্রিয়া ইত্যাদি সম্পর্কে বৈজ্ঞানিক সমীক্ষা এ বিদ্যার আলোচ্য বিষয়। বাংলাদেশ একটি প্রাচীন কৃষিপ্রধান দেশ। বর্তমানে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির দরুন মাথাপিছু জমির পরিমাণ অত্যধিক হ্রাস পেলেও এখনও কৃষিই কর্মসংস্থানের প্রধান খাত। উদ্ভিদবিজ্ঞান কৃষির সঙ্গে ঘনিষ্ঠ বিধায় বহুকাল থেকেই জ্ঞানের এ শাখার প্রতি জীববিজ্ঞানী ও কৃষিবিদরা আকৃষ্ট হয়েছে। ফলে ভারত উপমহাদেশের যে অঞ্চল নিয়ে বর্তমান বাংলাদেশ গঠিত, উদ্ভিদবিজ্ঞান এখানেও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে।
নির্দিষ্ট বিষয় হিসেবে উদ্ভিদবিজ্ঞানের পাঠ গ্রহণের শুরু উচ্চ মাধ্যমিকের পর অর্থাৎ স্নাতক পর্যায়ে। এজন্য ৩ বছরের পাস কোর্স ও ৪ বছরের অনার্স কোর্সের পাঠক্রম রয়েছে। চার বছরের অনার্স কোর্স দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ১৩০০ ডিগ্রি কলেজের অধিকাংশেই উদ্ভিদবিজ্ঞানে স্নাতক কোর্স এবং ২৪টি কলেজে স্নাতক অনার্স ও স্নাতকোত্তর কোর্স রয়েছে। দেশের সবগুলি কৃষি বিশ্ববিদ্যালয়েও উদ্ভিদবিজ্ঞান শিক্ষণের কর্মসূচি বিদ্যমান।
দেশের ৪টি সাধারণ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ উদ্ভিদবিজ্ঞান বিভাগ চালু আছে অনেক দিন থেকে।  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছর পর ১৯৩৯ সালে গঠিত জীববিজ্ঞান বিভাগের অধীনে উদ্ভিদবিজ্ঞানে শিক্ষাদান শুরু হয়। জীববিদ্যা বিভাগের অধ্যক্ষ ছিলেন উদ্ভিদবিদ পঞ্চানন মহেশ্বরী। ১৯৫৪ সালে জীববিজ্ঞান বিভাগ প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে বিভক্ত হয়। অতঃপর ১৯৬৩ সালে  রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৭৩ সালে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ চালু করে। এসব বিভাগ থেকে বি.এসসি অনার্স, এম.এসসি, এম.ফিল ও উদ্ভিদবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে পিএইচ.ডি ডিগ্রি প্রদান করা হয়।

 
অতীতে বিশ্ববিদ্যালয়গুলিতেই উদ্ভিদবিজ্ঞানের গবেষণা মূলত সীমিত ছিল। অতঃপর সরকার কৃষিখাতে অনেকগুলি গবেষণা ও উন্নয়ন (R&D) প্রতিষ্ঠান স্থাপন করে এবং এসব প্রতিষ্ঠানে নির্দিষ্ট কৃষি ফসল সম্পর্কে গবেষণা পরিচালিত হওয়ায় উদ্ভিদবিজ্ঞানের গবেষণা প্রাধান্য লাভ করে। গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ জাতীয় হার্বেরিয়াম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদ-এর উদ্ভিদবিজ্ঞান শাখা। এ সংস্থাগুলি কৃষির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।
দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক সংখ্যা আনুমানিক ২০০ আর কলেজ পর্যায়ে উদ্ভিদবিজ্ঞানের কোর্স শিক্ষাদানে রয়েছেন আরও প্রায় ২ হাজার শিক্ষক। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বছরে প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী উদ্ভিদবিজ্ঞানের ডিগ্রি লাভ করে।
 
গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান এবং সমিতি   বাংলাদেশে উদ্ভিদবিজ্ঞান সংক্রান্ত বৈজ্ঞানিক নিরীক্ষা ও গবেষণার ইতিহাস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কতক সংস্থা ও প্রতিষ্ঠান যথেষ্ট প্রাচীন।
 
সারণি ২ উদ্ভিদবিজ্ঞান সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
 
ইনস্টিটিউট ও প্রতিষ্ঠাকাল  গবেষণাক্ষেত্র
বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ), ১৯৩৮  উদ্ভিদ প্রজনন, ফ্লোরাল বায়োলজি, কৃষিতত্ত্ব
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ১৯৭৬  কীটতত্ত্ব, উদ্যানবিদ্যা, উদ্ভিদ প্রজনন, কৃষি সম্প্রসারণ
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ১৯৫১  পাটের বংশাণুতত্ত্ব ও প্রজনন, ভ্যারাইটিগুলির মাঠপর্যায় মূল্যায়ন
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, ১৯৫১  আখ প্রজনন, উন্নয়ন ও মূল্যায়ন
তুলা উন্নয়ন বোর্ড, ১৯৭২  তুলা প্রজনন, উন্নয়ন ও মূল্যায়ন
ফল গবেষণা স্টেশন, ১৯৬০  আম ও অন্যান্য আঞ্চলিক ফল প্রজনন
তামাক গবেষণা স্টেশন, ১৯০৬  তামাকের উৎপাদন ও মান উন্নয়ন
টিউবার ফসল গবেষণা কেন্দ্র, ১৯৮৭   আলু গবেষণা, বীজ উৎপাদন
গম গবেষণা কেন্দ্র, ১৯৮০  গম প্রজনন, রোগ ব্যবস্থাপনা, বীজপ্রযুক্তি
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, ১৯৫৭  প্রজনন, ক্লোন নির্বাচন, কৃষিতত্ত্ব, রোগবিদ্যা
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, ১৯৫৫  প্রজনন, বৃক্ষ উন্নয়ন, শিল্পেব্যবহার্য কাঠ গবেষণা, ম্যানগ্রোভ গবেষণা, জীববৈচিত্র্য সংরক্ষণ।
আম গবেষণা স্টেশন, ১৯৮৯   আমের জাত উন্নয়ন, রোগ ও কীট নিয়ন্ত্রণ
ডাল গবেষণা কেন্দ্র, ১৯৮৭  প্রজনন, জাত উন্নয়ন
উদ্যানবিদ্যা গবেষণা কেন্দ্র, ১৯৮৯  প্রজনন, ফলের জাত উন্নয়ন
মশলা গবেষণা কেন্দ্র, ১৯৯৫  মশলা গবেষণা ও উন্নয়ন
তেলবীজ গবেষণা কেন্দ্র, ১৯৮৭  তেলবীজ গবেষণা ও উৎপাদন
বাংলাদেশ জাতীয় হা©র্বরিয়াম, ১৯৭০   বাংলাদেশের উদ্ভিদকুল
জীনতত্ত্ব বিভাগ, খাদ্য ও বিকিরণ জীববিদ্যা ইনস্টিটিউট পরমাণু শক্তি গবেষণা সংস্থা, ১৯৭৫   উদ্ভিদকোষকলা চাষ
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল, ১৯৫৫ 
ঢাকা ল্যাবরেটরিস, ১৯৫৫  উদ্ভিজ্জ গবেষণা, উদ্ভিদ প্রজনন, শৈবাল চাষ
চট্টগ্রাম ল্যাবরেটরিস, ১৯৬৭  উদ্ভিজ্জ গবেষণা, উদ্ভিদ প্রজনন
রাজশাহী ল্যাবরেটরিস, ১৯৬৭  উদ্ভিজ্জ গবেষণা, উদ্ভিদ প্রজনন


১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়ের পরপরই বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতি (১৯৭২), Bangladesh Association for Plant Tissue Culture (১৯৮৯) এবং Bangladesh Association for Plant Taxonomy (১৯৯২) গঠিত হয়। সবগুলি সমিতি ও গবেষণা প্রতিষ্ঠান বেশ সক্রিয়।  [জিয়া উদ্দিন আহমেদ]
কাঠ উৎপাদনকারী উদ্ভিদ

কাঠ উৎপাদনকারী উদ্ভিদ



জাতীয় অর্থনৈতিক উন্নয়নে কাঠের গুরুত্ব অপরিসীম। কাঠ বলতে বুঝায় যে সকল গাছ জ্বালানী ছাড়া বাড়িঘর নির্মাণ, আসবাবপত্র তৈরী, জাহাজ ও ব্রীজ তৈরীতে ব্যবহৃত হয়। বাংলাদেশ জীববৈচিত্রে সমৃদ্ধ একটি দেশ। এদেশে প্রায় ৫০০০ উদ্ভিদ প্রজাতি রয়েছে। এর মধ্যে বৃক্ষ জাতীয় উদ্ভিদ রয়েছে প্রায় ৯১৫ টি বৃক্ষ জাতীয় উদ্ভিদ প্রজাতি দেশের বনাঞ্চলগুলোর প্রধান উপাদান, বৃক্ষপ্রজাতির প্রত্যক্ষ এবং পরোক্ষ গুরুত্ব রয়েছে। 

সকল বৃক্ষ প্রজাতি হতে ভালো মানের কাঠ পাওয়া যায় না বিধায় অনেক বৃক্ষ প্রজাতির পরিচিতি কম। বাংলাদেশের বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত কাঠ জোগান দিতে এদেশের কাঠ উৎপাদনকারী উদ্ভিদের উপর চাপ পড়বে। 

বানিজ্যিকভাবে ৪০-৫০ প্রজাতি কাঠ উৎপাদনকারী উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসলেও আরো অনেক প্রজাতি রয়েছে যাদের কাঠের গুনগত মান ভালো। এসব কাঠ বাড়িঘর নির্মাণ, আসবাবপত্র তৈরীতে ব্যবহার করা যায়। 

৩৪২ টি প্রজাতির বৃক্ষজাতীয় উদ্ভিদ ফরেস্ট ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম বাংলাদেশে জন্মে এমন ২২৯ টি কাঠ উৎপাদনকারী উদ্ভিদ প্রজাতির তালিকা প্রণয়ন করেছে এবং এদের কাঠের গুনাগুন বিশ্লেষণ করেছে।  এই লিংকে তাদের তথ্য রয়েছেঃ

http://www.bnh.gov.bd/site/page/feab1654-0852-4ca5-a2ba-fe566b866d3a/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A0-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A6
রমনার আগ্রাসী বৃক্ষ

রমনার আগ্রাসী বৃক্ষ



রমনা উদ্যানে অপরিকল্পিতভাবে বিদেশি আগ্রাসী প্রজাতির গাছ লাগানো হচ্ছে, যা জীববৈচিত্র্যের জন্য হুমকি। 


• উদ্যান পুনর্বিন্যাসে পরামর্শ নিতে সমীক্ষা
• উদ্যানের ৬২% এলাকা বৃক্ষ আচ্ছাদিত
• ১১ শতাংশে নানা ভৌত অবকাঠামো
• মোট ৬০ প্রজাতির ৮৮১টি পাখি আছে
• ২৮৬৬ বড় বৃক্ষের বেশির ভাগ আগ্রাসী

রমনা উদ্যানে গাছের বড় অংশই এখন আগ্রাসী প্রজাতির। আছে বড় রেস্তোরাঁসহ অপ্রয়োজনীয় অবকাঠামো। দর্শনার্থীদের ফেলা ময়লা–আবর্জনাও চোখে পড়ার মতো।
সরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) পক্ষ থেকে রমনার জীববৈচিত্র্য ও ভৌত অবকাঠামো নিয়ে করা সমীক্ষায় এমন চিত্র উঠে এসেছে। উদ্যানটি পুনর্বিন্যাসের জন্য পরামর্শ নিতে গণপূর্ত অধিদপ্তরের সহায়তায় সমীক্ষাটি করা হয়েছে। গত বছর চূড়ান্ত হওয়া ওই সমীক্ষার মাধ্যমে এই প্রথমবারের মতো উদ্যানটির বৃক্ষ, পাখি, মাছ ও অন্যান্য প্রাণীর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়েছে।

সমীক্ষায় বলা হয়েছে, সামগ্রিকভাবে রমনার জীববৈচিত্র্য কমে এলেও সেখানে যে পরিমাণ গাছ, পাখি ও প্রজাপতি আছে, তা রাজধানীর জন্য অনন্য। চন্দনা টিয়ার মতো পাখি আর দুলিচাঁপা, কুসুম, মালি আম ও মাধবীলতার নিরাপদ আবাস এই উদ্যান। রাজধানীর সবচেয়ে বড় এই উদ্যান মোগল আমলে স্থাপিত। বর্তমানে উদ্যানটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে গণপূর্ত অধিদপ্তর।
রমনার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও রমনা উদ্যানের সৌন্দর্যবর্ধন প্রকল্পের পরিচালক এ কে এম সোহরাওয়ার্দী প্রথম আলোকে বলেন, ‘সমীক্ষার সুপারিশগুলো আমলে নিয়ে কাজ শুরু করেছি। রেস্তোরাঁটি সরিয়ে ফেলার জন্য নোটিশ দেওয়া হবে এবং সেখানে একটি কফি কর্নার করা হবে।’

সমীক্ষায় বলা হয়েছে, উদ্যানের এক পাশে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত ব্যস্ত সড়কের যানবাহনের শব্দ ও ধোঁয়ার দূষণ বৃক্ষ ও পাখিদের জন্য বিপদ ডেকে আনছে। লেকে শোল, পুঁটি, টাকি, রুই, শিং, কাতলা, ফলিসহ মোট ১৪ প্রজাতির মাছ রয়েছে। কিন্তু লেকের পানি দূষিত হয়ে পড়ায় মাছ ও ব্যাঙের দল বিপন্ন হয়ে পড়ছে।
সমীক্ষা দলের প্রধান ও সিইজিআইএসের গবেষক সৌরভ মাহমুদ প্রথম আলোকে বলেন, উদ্যানটিতে বিভিন্ন সময় উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে বিদেশি প্রজাতির ও একই জাতীয় গাছ লাগানো হয়েছে। রেস্তোরাঁ-সড়কসহ যেসব অবকাঠামো নির্মাণ করা হয়েছে, তার বেশির ভাগই উদ্যানের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। কিন্তু উদ্যানে এখনো নানা প্রজাতির পাখি, গাছ ও প্রজাপতি রয়েছে, যা রাজধানীর জীববৈচিত্র্যের জন্য একটি অনন্য স্থান হয়ে উঠতে পারে।

উদ্যানের ৬২ শতাংশ এলাকা বৃক্ষ আচ্ছাদিত, ১১ শতাংশে নানা ভৌত অবকাঠামো। মোট বৃক্ষ ৪ হাজার ৫৬২টি। যার মধ্যে ১৩ প্রজাতির ৯৩৮টি পামজাতীয় গাছ রয়েছে। ২ হাজার ৮৬৬টি বড় বৃক্ষ রয়েছে, যার বেশির ভাগ ইউক্যালিপটাস, রেইনট্রিসহ আগ্রাসী প্রজাতির। আগ্রাসী প্রজাতির গাছের কারণে উদ্যানটিতে লতাগুল্মের বিস্তার ঘটতে পারছে না। পাখিদের বসবাসের স্থান হিসেবে এই গাছগুলো খুব বেশি উপযুক্ত নয়।

উদ্যানটিতে মোট ৬০ প্রজাতির ৮৮১টি পাখি আছে। বেশির ভাগই পাতিকাক। এ ছাড়া আছে ময়না, প্যাঁচা, দোয়েল ও টিয়া পাখি। উদ্যানে ৬০ প্রজাতির প্রজাপতি, ১০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, সাত প্রজাতির সাপ, তিন প্রজাতির উভচর এবং ১৪ প্রজাতির মাছ রয়েছে।
রমনায় সড়ক ও পাকা বেঞ্চ, গাছের চারপাশে পাকা বেষ্টনীসহ নানা ধরনের অবকাঠামো যত্রতত্র বানানো হয়েছে। যার মোট সংখ্যা ১ হাজার ১১৬টি। পুরো উদ্যানটিতে মোট সড়ক ১০ দশমিক ৩৬ কিলোমিটার। আছে শিশুদের খেলাধুলা ও প্রাতর্ভ্রমণকারীদের জন্য ব্যায়ামের অবকাঠামো। যেখানে সেখানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। কিন্তু দর্শনার্থীরা সেখানে ময়লা ফেলে না।

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, মোগল আমলে রমনা উদ্যান তৈরির সময় মূল পরিকল্পনা ছিল একে শহরের মধ্যে প্রকৃতিনির্ভর বন হিসেবে গড়ে তোলা। কিন্তু পর্যায়ক্রমে সেখানে গড়ে তোলা হচ্ছে নানা স্থাপনা। উদ্যানটি আদি চরিত্র হারিয়ে আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। একে বাঁচাতে হলে সমীক্ষার সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সমীক্ষা প্রতিবেদনে সুপারিশের মধ্যে রয়েছে রেস্তোরাঁটি সরিয়ে নেওয়া, আবর্জনা ফেলা ও সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা, দর্শনার্থীদের যাতায়াত সীমাবদ্ধ করা, অপ্রয়োজনীয় অবকাঠামো ভেঙে ফেলা, দূষণ নিয়ন্ত্রণ, উদ্যানটি এক দিনের জন্য বন্ধ রাখা।
রমনা উদ্যান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্বের বেশির ভাগ বড় শহরে এ ধরনের উদ্যান থাকে। সেখানে সেই দেশের উপযোগী বৃক্ষ থাকে। কিন্তু রমনায় স্থানীয় প্রজাতির বৃক্ষ খুবই কম। 

আবহাওয়া ও প্রকৃতির অনুপযোগী বিদেশি আগ্রাসী প্রজাতির বৃক্ষ দিয়ে উদ্যানটি সাজানো হয়েছে। এতে উদ্যানটির বৈশিষ্ট্য হারাচ্ছে। উদ্যানটি টিকিয়ে রাখতে তিনি বৃক্ষের পুনর্বিন্যাসের পরামর্শ দেন।
বহুতলের ভারে সবুজ বিলীনপ্রায়

বহুতলের ভারে সবুজ বিলীনপ্রায়





মহানগর ঢাকার কংক্রিট আর বহুতলের ভারে সবুজ বিলীনপ্রায়। এর মাঝে হঠাৎ মনে হয় খানিক অরণ্যের আভা। সোহরাওয়ার্দি উদ্যানের গাছ-প্রকৃতি ছড়িয়েছে নগরে অরণ্যের উৎসব।


সকাল সকাল জেগে ওঠা, মৃদুমন্দ বাতাস, বিকেলের নরম রোদে ছাদ-বাগানে সময় কাটানো বা রাতে তারাভরা আকাশ দেখা

ঢাকা শহরের অনেক নাগরিকের জন্য স্বপ্নই বটে। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত এবং পরিবেশবান্ধব ফ্ল্যাটকে বেশি গুরুত্ব দিচ্ছে ক্রেতারা।

বাড়ির পরিবেশ স্বাস্থ্যসম্মত করতেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষও নকশার ক্ষেত্রে সেটব্যাকের বিষয়টি বাধ্যতামূলক করেছে। সেটব্যাক মেনে ভবনের নকশা করলে সামনে-পেছনে জমির আয়তন অনুসারে জায়গা ছাড়তে হয়, ফলে ভবন নির্মাণের পর আলো-বাতাসের পর্যাপ্ত উৎস রাখা সম্ভব হয়।

যেসব ভবনে দিনের আলোতেও বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়, সেখানে বিদ্যুৎ-খরচও বেশি হয়।

ভবনের পরিবেশ কতটা স্বাস্থ্যসম্মত সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই তারা ফ্ল্যাট কেনা উচিত ।

সাধারণভাবে অনেক ক্ষেত্রেই মনে করা হয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্রেতারা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে পরিবেশবান্ধব বিষয়টিকে ততটা গুরুত্ব দেন না। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ক্রেতাদের মধ্যে পরিবেশবান্ধব আবাসনের ব্যাপারে গুরুত্ব অনেক বেড়েছে।

বহুজাতিক প্রোপার্টি পোর্টাল লামুডি ডটকম পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ক্রমবর্ধমান পরিবেশবান্ধব ও যুগোপযোগী আবাসন চাহিদার পরিপ্রেক্ষিতে গত ছয় মাসে বাংলাদেশে লামুডির ওয়েবসাইটে পরিবেশবান্ধব ঘরবাড়ি ও বাণিজ্যিক-ভবনগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪২০ শতাংশেরও অধিক। 

লামুডির গ্লোবাল কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক পল ফিলিপ হারম্যান বলেন, ‘আমাদের মাঝে অনেকেই মনে করেন উন্নয়নশীল দেশগুলোয় ঘরবাড়ি খোঁজ করার ক্ষেত্রে পরিবেশ ও স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। নতুন এই গবেষণা-প্রতিবেদন আমাদের এই ধারণা ভুল প্রমাণিত করেছে।


এশিয়া ও দক্ষিণ আমেরিকায় পরিবেশমুখী সবুজ আবাসন দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, যা প্রমাণ করে এই দুই অঞ্চলের দেশগুলোর ক্রেতাদের মধ্যে পরিবেশ-বিষয়ক সচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এটা এখন শুধুই সময়ের ব্যাপার যে, দ্রুত উন্নয়নশীল এই দেশগুলোতে খুব শিগগিরই সবুজ আবাসনের জোগান ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।’

বাংলাদেশের রিয়েল এস্টেট কোম্পানিগুলোও পরিবেশবান্ধব আবাসনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারিভাবে সব ভবনের আলোর শতকরা ৩ শতাংশ বিকল্প উৎস হিসেবে সোলার থেকে ব্যবস্থা করার অনুরোধ করা হয়েছে।

 পরিবেশবান্ধব আবাসনের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এ কারণেই নকশার সময় থেকেই বিষয়টি নিশ্চিত করতে হবে।  প্রতিটি প্রকল্পে সোলারের মাধ্যমে বিকল্প আলোর ব্যবস্থা এবং রেইনওয়াটার হার্ভেস্টিং পদ্ধতি রাখতে হবে। তাছাড়া আলো-বাতাসের পরিপূর্ণ ব্যবস্থা রাখতে সেটব্যাক মেনে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছেড়ে তবেই ভবন নির্মাণ করতে হবে।’


প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করেই সুস্থ ও সুন্দর জীবনযাপন সম্ভব। তাই প্রয়োজনের তাগিদে যত কংক্রিটের জঙ্গলই তৈরি হোক না কেন, শেষ পর্যন্ত পরিবেশবান্ধব বিষয়টি নিশ্চিত না করা গেলে তা সুস্থ-সুন্দর জীবনের পরিপন্থী হয়ে উঠবে । এমনটাই বলছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।




বিজয় সরণির পাশে সবুজ গাছের সারির ভেতর দাঁড়িয়ে ছোট ভাইয়ের ছবি তুলছে আশিক। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি জেলা শহর থেকে ঢাকায় বেড়াতে এসেছে ওরা। বিজয় সরণির সড়ক-সৌন্দর্য দেখে দু’জনেই মুগ্ধ। তিলোত্তমা নগরীর সড়ক-বিভাজকের সৌন্দর্য দেখে আশিকের মতো অনেকে মুগ্ধ হলেও আদতে সব ক্ষেত্রে কার্যকর হয়ে ওঠেনি এই ‘বিউটিফিকেশন’ প্রচেষ্টা।

নগরীতে সুস্থ জীবনমানের জন্য অন্তত ২৫ ভাগ সবুজ থাকা প্রয়োজন। কিন্তু মহানগরীতে সবুজের উপস্থিতি মাত্র ১০ ভাগ। ঢাকায় বিভিন্ন আন্তর্জাতিক আসরকে (যেমনÑ বিশ্বকাপ বা সার্ক সম্মেলন) সামনে রেখে ঘষে-মেজে আলোকসজ্জা আর সৌন্দর্যবর্ধক গাছ লাগিয়ে পরিপাটি করে তোলা হলে সড়ক-বিভাজক, সড়ক-দ্বীপ বা ফুটপাতগুলোর পাশে সারা বছরই থাকে বৃক্ষসজ্জা।



ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা জানান, ‘সড়ক-দ্বীপে গাছ লাগানোর বিষয়টিকে গুরুত্ব দিয়ে ২০০৪ সালে প্রথমবারের মতো এই উদ্যোগের সঙ্গে দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত করা হয়। সিটি করপোরেশন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন ৬ মাসের জন্য সড়ক-বিভাজক এবং ফুটপাতের পাশে গাছ লাগানোর জন্য চুক্তিবদ্ধ করে থাকে। তবে মূল পর্যবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের তত্ত্বাবধানেই হয়।’


সৌন্দর্যবর্ধনের কাজে অনুমোদিত প্রতিষ্ঠানের ওপর ডিসিসি-কর্তৃপক্ষ কতগুলো শর্ত জুড়ে দেয়। শর্তসাপেক্ষে ঢাকা শহরের প্রধান প্রধান সড়কের কাঁচা অংশ, সড়ক-দ্বীপে ফুলগাছসহ ছায়াযুক্ত ও দৃষ্টিনন্দিত গাছ লাগানো, পরিচর্যা এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে অনুমোদিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ঢাকা সিটি বিউটিফিকেশন সেল-কর্তৃক প্রদত্ত নকশা ও দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার অনুমোদন দেয়া হয়। সৌন্দর্যবর্ধনের কাজ সম্পূর্ণ হওয়ার পর বর্ণিত সড়কে প্রতিটি প্রতিষ্ঠান তাদের নামে বরাদ্দকৃত স্থানে বরাদ্দকৃত প্রতিষ্ঠানের সর্বোচ্চ তিনটি অনুমোদিত সৌন্দর্যবর্ধনমূলক বিজ্ঞাপনী সাইনবোর্ড/বিলবোর্ড স্থাপন করতে পারবে।

 তবে সাইনবোর্ডের আকার ও আকৃতি অবশ্যই ডিসিসি-কর্তৃক অনুমোদিত হতে হবে। এছাড়াও ডিসিসি’র দেওয়া শর্তে বলা হয়েছে, সৌন্দর্যবর্ধিত এলাকা সঠিক পরিচর্যায় ব্যর্থ সংস্থাকে ডিসিসি প্রদত্ত অনুমোদনপত্র বাতিল করে অন্য আগ্রহী প্রতিষ্ঠানকে কাজ করার অনুমতি দেওয়া হবে।


তবে সরেজমিনে দেখা যায়, নগরীর অনেক সড়কে গাছগুলোর নিয়মিত পরিচর্যা হয় না। আর পথচারীদের অত্যাচার তো আছেই। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিপন কুমার সাহা বলেন, ‘আমাদের তদারকিতে যখন আমরা দেখি কোনো স্থানের সৌন্দর্য ঠিকমতো রক্ষণাবেক্ষণ হচ্ছে না, তখন চুক্তি বাতিল করে অন্য প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘খালি থাকা সাপেক্ষে নতুন করে রক্ষণাবেক্ষণের কাজে অংশগ্রহণ করতে আগ্রহী প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়ে থাকে।’
তদারকির বিষয়ে লোকবল সঙ্কটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের লোকবলের মধ্যে সর্বোচ্চ তদারকি করা হয় যেন সৌন্দর্যবর্ধক কার্যক্রমের রক্ষণাবেক্ষণ যথাযথ হয়।’


প্রকৃতিপ্রেমী-বিশেষজ্ঞরা কী বলছেন
সাহিত্যিক এবং প্রকৃতিপ্রেমী বিপ্রদাশ বড়–য়া বলেন, ‘অন্য সবকিছুর মতো আমাদের এই শহরে সড়ক-দ্বীপের গাছগুলোও অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে। এমনকি এই শহরের সড়ক-বিভাজকগুলোই পরিকল্পিত নয়। আগে রাস্তা তৈরি হয়েছে, পরে সড়ক-বিভাজক বানানো হয়েছে। এ কারণে অধিকাংশ সড়ক-দ্বীপ ছোট এবং আঁটসাঁট।’


একই ধরনের মতামত দেন নগর-বিশেষজ্ঞ স্থপতি মুশতাক কাদরী। তিনি বলেন, ‘ঢাকা একটি অগণতান্ত্রিক শহর। এখানে শহরের পরিকল্পনা হয় গাড়ি আর যানবাহন দিয়ে, মানুষ দিয়ে নয়।’ তিনি আরও বলেন, ‘ঢাকা শহর বৃক্ষ ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, এখন যদি আমরা সত্যিই বৃক্ষ দিয়ে ঢাকা শহরকে সাজাতে চাই তাহলে অনেক দিকে মনোযোগ দিতে হবে।’

বিপ্রদাশ বড়–য়া বলেন, ‘বেশিরভাগ সড়ক-দ্বীপের ক্ষেত্রেই ছোট ছোট গর্ত করে গাছ লাগানো হয়। কিন্তু এক্ষেত্রে লাগানো হচ্ছে বকুল, দেবদারু বা বড় বটগাছ। দৈনিক বাংলা থেকে ফকিরাপুল সড়কটিতে লাগানো হয়েছে দেবদারু গাছ। সিমেন্টের কারণে এসব গাছ নির্দিষ্ট গি র পরে আর বাড়তে পারছে না। তাছাড়া এত ঘন ঘন গাছ লাগানো হয় যে, এটা কেবলই বৃক্ষরোপণের অংশ হয়ে থাকে, কোনো কাজে আসে না।’

তিনি আরও বলেন, ‘মতিঝিলে ১০ হাতের মধ্যে প্রায় ৫০টি বকুল-গাছ লাগানো হয়েছে। অথচ বাস্তবিক অর্থে কমপক্ষে দুটো বকুল-গাছের মধ্যে ২০ হাত দূরত্ব রাখা প্রয়োজন। আবার রাজউকের সামনের সড়কের পাশে পর্যাপ্ত মাটি আছে, কিন্তু সেখানে এত বেশি গাছ লাগানো হয়েছে যে, দেখলে এখন জঙ্গল মনে হয়। বেশিরভাগ ক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচিতে সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়। কত হাজার গাছ লাগানো হলো সেটাই যেন মুখ্য বিষয়। তবে আসলেই সবুজ চাইলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নান্দনিক সৌন্দর্য বজায় রেখে এ ধরনের গাছ লাগানো উচিত।’


স্থপতি মুশতাক কাদরী বলেন, ‘সড়ক-দ্বীপে গাছ লাগানোর প্রাথমিক শর্ত হচ্ছে সঠিক স্থানে সঠিক গাছটি লাগানো। দেখতে হবে, যে গাছটি আমরা লাগাতে চাই তার পরিবেশ আছে কিনা, যেখানে গাছ লাগানো হচ্ছে তার মাটির নিচে কী আছে, স্যুয়ারেজ বা গ্যাসের লাইন আছে কিনা, ওপরে বিদ্যুতের লাইনের কী অবস্থা । এ রকম নানা কিছু। ভুল গাছ লাগিয়ে যাতে কেটে ফেলতে না-হয় সেটা বিবেচনায় নিতে হবে। কারণ একটি গাছ বড় হতে অনেক সময় লাগে।’


তিনি ঢাকা শহরে গাছ লাগানোর ক্ষেত্রে একটি গাইডলাইন তৈরির প্রয়োজনীয়তার কথা বললেন। যেখানে কোথায় কোন গাছ লাগানো যাবে, সৌন্দর্য বাড়ানোর জন্য কোন ধরনের সড়ক-দ্বীপে কী ধরনের গাছ লাগানো যাবে, কোন গাছ লাগানো যাবে না । এসব নির্দেশনা থাকবে। এখন নগরের সড়ক-দ্বীপের গাছগুলো পরিচর্যা করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। সরকার যদি কোনো গাইডলাইন তৈরি করে দেয় তবে সেটি মেনেই গাছ লাগানোর কাজটি করতে হবে।

সমন্বয়ের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিপ্রদাশ বড়ুয়া বলেন, ‘এসব গাছ লাগানোর জন্য সমন্বিত পরিকল্পনা খুবই জরুরি।’ বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘ভারতের রাজস্থানে দেখেছি ওদের সড়কের জন্য উপযোগী গাছ দিয়ে নান্দনিকভাবে সৌন্দর্য বাড়ানো হয়েছে। আমাদের উচিত এগুলো উদাহরণ হিসেবে নেওয়া।

বিশেষ করে গোলাপ, রক্তকরবী বা এ-ধরনের ছোট ছোট গাছ সড়ক-দ্বীপের জন্য খুবই ভালো। শুধু তা-ই নয়, দেশি তালগাছ এক্ষেত্রে আদর্শ হতে পারে। দেশি তালগাছ কেবল উপযোগীই নয়, বরং পাশাপাশি এটা থেকে ফলও পাওয়া যেতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।’